ব্যাঙ্কক থেকে কলকাতাগামী একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ফের উদ্ধার হলো সোনা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। NSCBI এয়ারপোর্ট থানা সূত্রে খবর, ২ জন যাত্রীর কাছ থেকে মোট ৯০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। ব্যাঙ্কক থেকে এই বিপুল পরিমাণ সোনা শহরে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ব্যাঙ্কক থেকে বিপুল পরিমাণ সোনা পাচার হতে পারে, গোপন সূত্র মারফৎ এই খবর আগেই পেয়েছিল পুলিশ। সেই মতোই সোমবার সকালে বিমানবন্দর চত্বরে তল্লাশি চলছিল। সেই তল্লাশি চলাকালীনই দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, ফ্লাইটে চড়ে সোমবার সকালেই ব্যাঙ্কক থেকে কলকাতায় পৌঁছন ওই দু’জন।
পুলিশ জানিয়েছে, দুই যাত্রীকে তল্লাশি করে ২৪ ক্যারেটের ৯০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এই সোনার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা বলে জানিয়েছে। ব্যাঙ্কক থেকেই এই বিপুল পরিমাণ সোনা কলকাতায় নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন ওই দুই ধৃত ব্যক্তি। ঘটনার তদন্ত করছে পুলিশ। কেন এই বিপুল পরিমাণ সোনা কলকাতায় নিয়ে আসা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, দিন দশেক আগে ৬ অগস্ট, এয়ারপোর্ট চত্বর থেকে উদ্ধার বিপুল সোনা, হিরের গয়না উদ্ধার করে NSCBI এয়ারপোর্ট থানার পুলিশ। একাধিক সোনার চেন, নেকলেস, চুড়ি, হিরের আংটি উদ্ধার করা হয়। প্রায় কোটি টাকার গয়না উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয় একজনকে। এই ঘটনার সঙ্গে সোমবারের ঘটনার কোনও যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।