Abhishek Bank Account Frozen: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ। আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, কোনও আগাম নোটিস বা কারণ না জানিয়েই তাঁর HDFC ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে বিষয়টি ওঠে। অভিষেকের আইনজীবীদের বক্তব্য, অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে ব্যাঙ্কের তরফে তাঁকে কোনও নোটিস দেওয়া হয়নি। এমনকি এখনও পর্যন্ত কেন অ্যাকাউন্টটি ফ্রিজ করা হয়েছে, তারও কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি।
অভিষেকের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তৃণমূল সাংসদ। বিদেশে চোখের চিকিৎসা করাতে যাবেন তিনি। তাঁর আগে এভাবে অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় সমস্যা হচ্ছে। সেই কারণেই তাঁকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে।
বিদেশে চিকিৎসার অনুমতি রয়েছে অভিষেকের
চোখের চিকিৎসার জন্য আগামী সেপ্টেম্বরে প্রায় তিন সপ্তাহের জন্য বিদেশ যাচ্ছেন অভিষেক। শীর্ষ আদালতের অনুমতি নিয়েই তাঁর বিদেশে যাওয়ার কথা রয়েছে বলে আদালতে জানান তাঁর আইনজীবীরা।
এহেন পরিস্থিতিতে হঠাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় তাঁর বিদেশযাত্রার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে বলে আদালতে জানানো হয়েছে। আইনজীবীর দাবি, এই অ্যাকাউন্ট নিয়ে কোনও পুলিশ অভিযোগও নেই।
অভিষেকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অন্য মামলাগুলিতে আদালতের নির্দেশ অনুযায়ী তিনি তদন্তে সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও পুলিশের সঙ্গে সহযোগিতা করতে তিনি প্রস্তুত। বিদেশে চিকিৎসার জন্য গেলেও আদালতের দেওয়া সমস্ত শর্ত মেনে চলবেন বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন। তা সত্ত্বেও তাঁর অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হল? প্রশ্ন অভিষেকের আইনজীবীর।
পরশু ফের শুনানি
আগামী ১৯ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। ফলে HDFC ব্যাঙ্ক কেন অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ করল, কোনও আইনি নির্দেশের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে কি না এবং আদালত এই বিষয়ে কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।