আয় বহির্ভূত সম্পত্তি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এলাহাবাদ হাই কোর্টের কার্যক্রমে স্থগিতাদেশ শীর্ষ আদালতের। শুধু তাই নয়, এই মামলায় সিবিআই এবং ইডিকে কোনও তদন্ত রিপোর্ট জমা না দেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সম্প্রতি কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এলাহাবাদ হাই কোর্টে আয়বহির্ভূত সম্পত্তির মামলা করেছিলেন কর্নাটকের বিজেপি নেতা ভিগ্নেশ শিশির। মামলাকারীর অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই এবং ইডিকে তথ্যানুসন্ধানের নির্দেশ দেয় উচ্চ আদালত। পাশপাশি, হাই কোর্ট জানিয়ে দেয়, আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপও করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ২০ জুলাই আদালতে হলফনামা জমা দেয় সিবিআই। কিন্তু তাতে অসন্তোষ প্রকাশ করে হাই কোর্ট। তদন্তের গতিপ্রকৃতি নিয়েও ক্ষুব্ধ হন বিচারক। এরপর সিবিআইকে নতুন করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। উচ্চ আদালতের সেই নির্দেশেই স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।
সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালত আপাতত এলাহাবাদ হাই কোর্টের কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছে। রাহুলের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিব্বল বলেন, “আইনের দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ অজানা একটি বিষয়। এমন এক ধরনের প্রতিহিংসামূলক দমন-পীড়নের প্রক্রিয়া, যা আইনের স্বীকৃতিপ্রাপ্ত নয়। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। খোদ আবেদনকারীর পক্ষ থেকেই একের পর এক এমন প্রচেষ্টা চালানো হচ্ছে।”