• বঙ্গে ‘সেঞ্চুরি’ পার বিজেপি সরকার! কাজের খতিয়ান নিয়ে প্রকাশিত বই পৌঁছবে ঘরে ঘরে
    প্রতিদিন | ১৭ আগস্ট ২০২৬
  • অঙ্গ-কলিঙ্গ বিজয়ের পর বঙ্গ। ছাব্বিশের বিধানসভা ভোটে প্রথমবার বাংলা জয়ের স্বাদ পেয়েছে বিজেপি। সেই বিজেপি সরকার সেঞ্চুরি হাঁকিয়ে ফেলল! ১৮ আগস্ট, মঙ্গলবার ১০০ দিনে পা রাখবে শুভেন্দু অধিকারী সরকার। সেই উপলক্ষে উদযাপন তো আছেই, তবে তা পুরোপুরি জনসংযোগের মধ্যে দিয়ে। ১০০ দিনে কী কী কাজ করল সরকার, তা বঙ্গবাসীর কাছে তুলে ধরতে একটি বই প্রকাশ করেছে বিজেপি। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ৪১ পাতার সেই বইটি তুলে দেওয়া হবে জনগণের হাতে। এমনই পরিকল্পনা দলীয় নেতৃত্বের। রবিবার নিউটাউনের প্রশিক্ষণ শিবিরে এই মর্মে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।

    রাজ্যের ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী সরকার একাধিক ক্ষেত্রে সংস্কারমূলক কাজে হাত দিয়েছে। বিগত তৃণমূল সরকারের ‘কাটমানি’ সংস্কৃতি, শিল্পে খরা থেকে সরকারি চাকরি ক্ষেত্রে রাজনীতিকরণ মুক্ত করা বড় চ্যালেঞ্জ ছিল নতুন সরকারের কাছে। সেই সংস্কারমূলক কাজ ইতিমধ্যে সাফল্যের মুখ দেখেছে। বিভিন্ন বিভাগে অনেক স্বচ্ছতা এসেছে। আর এসব কাজের কথা জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে ১০০ দিন উদযাপনের পরিকল্পনা করেছে রাজ্য সরকার।’পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন’ নামে ৪১ পাতার বইতে এসবের বিস্তারিত রয়েছে। রাজ্যে কত বিনিয়োগ এসেছে, কত মানুষ সামাজিক প্রকল্পের সুবিধা পেয়েছেন, প্রশাসনিক ক্ষেত্রে কোন কোন সংস্কার হয়েছে, মহিলা সুরক্ষা, আর্থিক ক্ষমতায়নের মতো বিষয়গুলিতে কাজ সবিস্তারে তুলে ধরা হয়েছে ওই বইতে।

    জানা গিয়েছে, বইটি ঘরে ঘরে পৌঁছে দেওয়াই লক্ষ্য বাংলার বিজেপি সরকারের। নির্দেশ দেওয়া হয়েছে, দুয়ারে প্রচার করতে গিয়ে তা বাড়ির লোকজনের হাতে দেওয়া হবে, যাতে তাঁরা সরকারি কাজকর্মের সমস্ত হাল-হকিকত জানতে পারে। সেইসঙ্গে আগামীর পরিকল্পনা সম্পর্কেও ওয়াকিবহাল হতে পারেন। মূলত ১০০ দিনের সাফল্যের প্রচারই লক্ষ্য শুভেন্দু অধিকারী সরকারের। মঙ্গলবার থেকে হয়ত এই বই পৌঁছে যাবে ঘরে ঘরে।
  • Link to this news (প্রতিদিন)