ঋষি-মুনি থেকে মহাকুম্ভের স্নান, AI ভিডিওতেই প্রকাশ পেল দুর্গাপুজোর থিম!
News18 বাংলা | ১৭ আগস্ট ২০২৬
শারদীয় উৎসবে নতুন ভাবনা ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে দুর্গাপুজোর সূচনা করল মালদহ শহরের ঝঙ্কার ক্লাব। প্রচলিত খুঁটি পুজোর পরিবর্তে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির মাধ্যমে তৈরি ভিডিও বার্তা প্রকাশ করে পুজোর আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। ৭৯তম বর্ষে পা দেওয়া এই পুজোর এবারের থিম কুম্ভের ইতিকথা। পুজো উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, সম্পূর্ণ মণ্ডপসজ্জা মহাকুম্ভের আবহে তৈরি করা হবে। সেখানে মডেলের মাধ্যমে ঋষি-মুনি, সাধু ও ভক্তদের উপস্থিতি তুলে ধরা হবে। পাশাপাশি কুম্ভের ইতিহাস, ধর্মীয় তাৎপর্য এবং মহাকুম্ভ কেন ও কত বছর অন্তর অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলিও দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে। মণ্ডপে তর্পণ, ধ্যান, আসন-সহ বিভিন্ন আচার ও আধ্যাত্মিক পরিবেশ ফুটিয়ে তোলা হবে। আনুমানিক চার লক্ষ টাকা বাজেটে এই থিম তৈরি করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।