প্রবল বৃষ্টিতে ইতিমধ্যেই বিপর্যস্ত বাংলা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নয়া নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গেও ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বীরভূম, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এর পাশাপাশি, মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইতিমধ্যেই রবিবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। হাওড়ার উলুবেড়িয়া, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পটাশপুর-সহ নানা জায়গা জলমগ্ন। কলকাতাতেও একাধিক জায়গায় জল জমে রয়েছে। আরও বৃষ্টি হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্য দিকে, উত্তরবঙ্গেও জারি থাকবে দুর্যোগ। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে দু’এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও, উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো বাতাস বইতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। আগামী শুক্রবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।