মঙ্গলকোটে পারিবারিক অশান্তির জেরে ভাইপোর হাতে কাকার মৃত্যুর অভিযোগ। প্রথমবার রামদার কোপে প্রাণে বেঁচেছিলেন। কিন্তু অভিযোগ, দ্বিতীয়বার ভাইপোর বেধড়ক মারধর থেকে আর ফিরতে পারলেন না ৬০ বছরের উত্তম প্রামাণিক। দুপুরে বাড়ি থেকে চুল কাটতে বেরিয়েছিলেন পেশায় ক্ষৌরকার ওই বৃদ্ধ। অভিযোগ, পথেই তাঁকে মারধর করেন তাঁর ভাইপো তাপস প্রামাণিক। পরে পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়ে ফেরার পরও প্রকাশ্যে তাঁকে মারধর করা হয় বলে পরিবারের দাবি। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনাটি মঙ্গলকোটের দুরমুট গ্রামের শিবতলা পাড়া এলাকার। মৃতের নাম উত্তম প্রামাণিক (৬০)।