• ডাক্তারির মাঝেই জাতীয় স্তরে বিরাট লাফ বঙ্গকন্যার! চিনে নিন বিজেপির ‘নবীন টিমে’র মধুছন্দাকে
    প্রতিদিন | ১৮ আগস্ট ২০২৬
  • শাসকদলের সর্বভারতীয় স্তরে নতুন দায়িত্ব পাওয়ার পরই নতুন করে ‘টিম’ সাজিয়েছেন বিজেপি সভাপতি নীতীন নবীন। সোমবার নতুন সংগঠনের বিষয়টি সামনে এসেছে। তাতে চমকের পর চমক। বঙ্গ বিজেপির তরফে দুই নেতা সুযোগ পেয়েছেন ‘নবীন’ টিমে। তার মধ্যে সাংসদ মনোজ টিগ্গা বেশ পরিচিত হলেও, অপরজন বরাবর আড়ালে থেকেই কাজ করে গিয়েছেন। এবার তিনি ‘ফ্রন্ট লাইনে’। ডাক্তার মধুছন্দা কর (Madhuchanda Kar)। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। এই মুহূর্তে রাজ্য বিজেপির চিকিৎসক সেলের সভাপতি তিনি। আসুন, ডাক্তার মধুছন্দা করের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

    ডাক্তারি কেরিয়ার ঝাঁ চকচকে। উচ্চশিক্ষায় একগুচ্ছ ফেলোশিপ। মারণরোগ ক্যানসারের বিরুদ্ধে তাঁর লড়াই। একাধিক বিষয় ডক্টরেট করেছেন। এই মুহূর্তে তিনি বাইপাসের ধারে নামী বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত। বিশিষ্ট অঙ্কোলজিস্ট হিসেবে কলকাতার চিকিৎসক মহলে এক নামে মধুছন্দা করকে চেনেন সবাই। পাশাপাশি রাজনীতির সংস্পর্শে এসে জনসেবার কাজের সঙ্গেও যুক্ত হয়েছেন ডাক্তার কর। রাজ্য বিজেপির চিকিৎসক সংগঠনের রাজ্য সভাপতি তিনি। এছাড়া বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার নেতা ইন্দ্রনীল খাঁ’র সহকর্মী মধুছন্দা।

    সেই মধুছন্দা করের উপরই ভরসা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। তাঁকে সর্বভারতীয় সংগঠনের সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির চিকিৎসক সংগঠনের সভাপতি থেকে সোজা সর্বভারতীয় স্তরে উন্নীত হওয়ার এত বড় সাফল্য যথেষ্ট প্রশংসার দাবি রাখে। এখন পেশার সঙ্গে রাজনীতির ব্যস্ততাও বাড়ল তাঁর। কীভাবে সব সামলাবেন? এনিয়ে এখনও অবশ্য মধুছন্দা দেবীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, ‘টিম নবীনে’র নতুন সদস্য বাংলার সাংসদ মনোজ টিগ্গা। তিনি ২০২৪ লোকসভা ভোটে জিতে আলিপুরদুয়ারের সাংসদ হন। চা বলয়ের রাজনীতিতে বড় ব্যক্তিত্ব মনোজ টিগ্গা বরাবর সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাই তাঁকে সর্বভারতীয় স্তরে সাধারণ সম্পাদকের পদ দিয়েছেন নীতীন নবীন।
  • Link to this news (প্রতিদিন)