• ১৬ টাকায় জামা কিনতে হুড়োহুড়ি, ধৃত ব্যবসায়ী
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৬
  • লখনউ: ১৬ তারিখ, রাত বারোটার পর ১৬ মিনিট, ১৬ টাকা! মাত্র ১৬ টাকায় যেকোনও জামাকাপড় বিক্রি হবে। এমনই অফার ঘিরে ক্রেতাদের হুড়োহুড়ি। শেষপর্যন্ত গ্রেপ্তার করা হয় কানপুরের এক দোকানদারকে। 

    নিজের জন্মদিনে এমনই সেল দিয়েছিলেন কানপুরের ওই ব্যবসায়ী রিয়াজ আলম। ওই ১৬ মিনিট ১৬ টাকাতে যেকোনো জামাকাপড় বিক্রির ঘোষণা করেছিলেন তিনি। অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও এব্যাপারে প্রচার করা হয়। স্বাধীনতা দিবসের রাতে এমন অফার হাতছাড়া করতে চাননি স্থানীয় ক্রেতাদের একটা বড় অংশ। অনেক আগে থেকেই  দোকানের সামনে বহু মানুষ ভিড় জমাতে শুরু করেন। ঘড়িতে ১৬ আগস্ট রাত ১২টা বাজতেই আনোয়ারগঞ্জ এলাকার আমন মার্টের সামনে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় ত্রেতাদের মধ্যে। কে কাকে পিছনে ফেলে আগে দোকানে ঢুকবেন! পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকে। ভিড় বাড়তেই দোকান বন্ধ করে দেওয়া হয়। তার জেরে কর্মচারীদের সঙ্গে ক্রেতাদের বচসা বেঁধে যায়। আনোয়ারগঞ্জের পার্শ্ববর্তী এলাকা থেকেও পুলিশ ডাকা হয়। ভিড় হালকা করতে মৃদু লাঠিচার্জও করা হয় বলে খবর। দোকানের মালিক মহম্মদ আলম, রিয়াজ আলম ও সলমন আলম সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই সলমন আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। আনোয়ারগঞ্জের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ মঞ্জয় সিং জানিয়েছেন, ১৬ টাকায় জামাকাপড় বিক্রি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। তা দেখেই বিপুল সংখ্যাক মানুষ ভিড় করেছিলেন। তার জেরে আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। 
  • Link to this news (বর্তমান)