নয়াদিল্লি, ১৭ আগস্ট: ফের বিতর্কের মুখে দেশের শিক্ষা ব্যবস্থা। বিতর্কের মুখে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর পরীক্ষা পরিচালন পদ্ধতি। জুন মাসের ২২ থেকে ৩০ তারিখের মধ্যে ইউজিসি নেটের পরীক্ষাগুলি নেওয়া হয়েছিল। যার দায়িত্বে ছিল এনটিএ। এবার ইউজিসি নেটের প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগ উঠল। আর তার জেরে ফের ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যার পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নতুন ঘোষিত সুচি অনুযায়ী ৯ সেপ্টেম্বর ইংরেজি ও বাণিজ্যের পরীক্ষা হবে এবং ১০ সেপ্টেম্বর সমাজবিদ্যার পরীক্ষা হবে। নিটের প্রশ্নপত্রের ফাঁসের পর ফের ইউজিসি নেটের প্রশ্নের গন্ডগোলের জেরে তিনটি পরীক্ষা বাতিল হওয়ায় প্রশ্নের মুখে এনটিএর ভূমিকা। পরীক্ষা হওয়ার প্রায় দুমাস পর তিনটি পরীক্ষা বাতিল করা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী। তিনি নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, দেখুন আপনার এনটিএ কি কান্ড করেছে!
তিনি বলেন, হাজার হাজার পরীক্ষার্থী দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছিলেন, ফর্ম পূরণ করেছিলেন, ফি জমা দিয়েছিলেন এবং দূর-দূরান্তের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছিলেন। তাদের এখন আবার সেই পুরনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ভুলটা করেছে এনটিএ আর তার মাশুল গুনতে হচ্ছে পরীক্ষার্থীদের। তার কথায়, মোদি সরকারের অন্য সব বিভাগের মতোই এনটিএ কখনো স্বীকার করবে না যে ভুলটা তাদেরই। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল প্রথম পদক্ষেপ, তবে তা শেষ পদক্ষেপ নয়। এনটিএর নেতৃত্বকেও জবাবদিহির আওতায় আনতে হবে।
সেপ্টেম্বর মাসে পুনরায় যারা ইউজিসি নেটের পরীক্ষায় বসছেন তাদের উদ্দেশ্যে এরপর রাহুল গান্ধী বলেন, ‘সমস্যাটা আপনাদের নয় প্রধানমন্ত্রী মোদি এমন এক ব্যবস্থা গড়ে তুলেছেন যা সঠিকভাবে পরীক্ষা পরিচালনা করতে পারেনা অথচ পরীক্ষার্থীদের দোষারোপ করে। এই ব্যবস্থা আপনাদের মূল্যবান সময় কেড়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর জবাব না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। আন্দোলন চালিয়ে যাব’।