ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, ড্রাগ টেস্টে ব্যর্থ আরো দুই পাইলট, বাড়ছে উদ্বেগ
বর্তমান | ১৮ আগস্ট ২০২৬
নয়াদিল্লি, ১৭ আগস্ট: ফুকেত-দিল্লি বিমানের ঘটনা ঘিরে পাইলটদের ড্রাগ টেস্ট নিয়ে বিতর্কের মধ্যেই এয়ার ইন্ডিয়ায় ফের উদ্বেগের খবর। পাইলটদের জন্য শুরু হওয়া বিশেষ ড্রাগ স্ক্রিনিংয়ে আরও দু’জন পাইলটকে প্রাথমিক পরীক্ষায় ব্যর্থ হিসাবে চিহ্নিত করল সংস্থা। আপাতত ওই দুই পাইলটকে ডি-রোস্টার করা হয়েছে বলে সূত্রের খবর।
ফুকেত-দিল্লি বিমানে পাইলট-ইন-কমান্ডের ড্রাগ টেস্টে গাঁজা শনাক্ত হওয়ার পর এয়ার ইন্ডিয়া সব পাইলটের ড্রাগ টেস্ট করানোর সিদ্ধান্ত নেয়। নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের অংশ হিসেবে এই পরীক্ষা করা হচ্ছে। ১৩ অগস্ট থেকে শুরু হয়েছে এই পরীক্ষা। এখনও পর্যন্ত ৩০০-রও বেশি এয়ার ইন্ডিয়া পাইলটের এই পরীক্ষা করা হয়েছে বলে খবর। সূত্রের দাবি, ড্রাগ টেস্টের চূড়ান্ত রিপোর্ট পেতে সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে। ফলে প্রাথমিক পরীক্ষায় ব্যর্থ হওয়া দুই পাইলটের ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্টের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গত ৪ আগস্ট এয়ার ইন্ডিয়ার একটি বিমান ফুকেত থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল। মাঝ আকাশে হঠাৎ বিমানটি প্রায় ৩০০ ফুট নীচে নেমে যায়। ঘটনায় ২০ জন যাত্রী এবং চারজন বিমানকর্মী আহত হন। তাঁদের মধ্যে ১৭ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়। ওই বিমানে মোট ১৩৭ জন যাত্রী ছিলেন। এয়ার টার্বুলেন্সের সময় পাইলট ককপিটে ছিলেন না এমন তথ্যও সামনে এসেছিল। সূত্রের খবর, পাইলট সেইদিন গাঁজা সেবন করে বিমানে উঠেছিলেন। সেই ভিত্তিতে দিল্লিতে বিমান অবতরণের পরই পাইলটের প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হয়। কিছুক্ষণ পর ফের পরীক্ষা করা হলে দ্বিতীয় পরীক্ষায় গাঁজা সেবনের স্পষ্ট প্রমাণ মেলে বলে জানা গিয়েছিল।