• অ্যাকাডেমি কাণ্ড: বাড়ির বাকি অংশেও গেরুয়া রং! বিক্ষোভের ডাক নাট্যকর্মীদের
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাকি থাকা ‘সাদা’ রবিবার পুরোটা ‘গেরুয়া’ হয়ে গেল অ্যাকাডেমি অব ফাইন আর্টসের বাইরের বাড়িটিতে। রবিবার সকাল থেকেই বিজেপির কর্মী-সমর্থকরা গোটা বাড়িটি গেরুয়া রঙে রাঙিয়ে তোলেন। বাড়িটির ভিতরে টাঙানো হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর ছবি। শ্রমিক সংগঠন বিএমএসের কর্মীরা বলেন, এটাই তাঁদের ইউনিয়নের নতুন অফিস। নাট্যকর্মীরা এই গৈরিকীকরণের প্রতিবাদে আগামী বুধবার অ্যাকাডেমির সামনে সাংস্কৃতিক বিক্ষোভের ডাক দিয়েছেন।

    এদিন সকাল থেকেই অ্যাকাডেমির বাইরে ওই বাড়ির ভিতরে ও বাইরে গেরুয়া রঙের পোঁচ দেওয়া হয়েছে। বিএমএসের ওই ইউনিটের নেতা প্রকাশ নায়েক বলছিলেন, ‘এই বাড়িটিতে প্রায় ১৫ বছর নীল-সাদা রং হয়েছিল। এখানে তৃণমূলের ইউনিয়নের অফিস ছিল। আমাদের সরকার আসার পর বিএমএসের একটা অফিস তৈরি করা হয়েছে। ভিতরে তো সিটুর অফিসও আছে। তাছাড়া গেরুয়া তো স্বামী বিবেকানন্দর রং। আমাদের পছন্দের রং। এতে অসুবিধার কী আছে? এটা কোনো রাজনৈতিক রং নয়। আমাদের ভালোবাসার রং।’ প্রথমে এই বাড়িটি গেরুয়া করে দেওয়ার পর নাট্যকর্মীদের একাংশ সাদা রং করে দেন। তারপর ফের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের নেতৃত্বে সেই বাড়ি গেরুয়া রং করা হয়। এদিন সেই কাজ সম্পূর্ণ করা হয়।

    ১৯ আগস্ট নাট্যকারদের একাংশ অ্যাকাডেমির বাইরে বিক্ষোভের ডাক দিয়েছেন। নাট্যকার বিমল বন্দ্যোপাধ্যায় বলছিলেন, ‘আবার গেরুয়া রং করে দিলে আমরা কী করব? আমরা তো আর লড়াই করতে যাব না। মানুষের কাছে এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তুলে ধরব। এবার দেখা যাক! শম্ভু মিত্র, উত্পল দত্তের বদলে যদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি মানুষ মেনে নেন, কী বলব আর!’
  • Link to this news (বর্তমান)