প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব স্কুলে মঙ্গলবার ছুটি ঘোষণা করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। টানা বৃষ্টির জেরে একাধিক স্কুল চত্বরে জল জমে যাওয়ার কারণে এই ঘোষণা বলে জেলা প্রশাসন সূত্রে খবর। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার জলমগ্ন এলাকা পরিদর্শনে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর।
পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি হলদিয়ায়। রবিবার সন্ধ্যা থেকে সোমবার টানা অতিবৃষ্টিতে হলদিয়া পুরসভার ২৯টি ওয়ার্ডের পাশাপাশি সুতাহাটা ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত, হলদিয়া ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এবং মহিষাদল ব্লকের বহু এলাকা কার্যত জলের তলায় চলে যায়। বেশিরভাগ এলাকায় বাড়িতে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।
হলদিয়া পুরসভার নিবেদিতা কলোনি, আজাদহিন্দ নগর, হলদিয়া টাউনশিপ-সহ বিভিন্ন এলাকায় কোমর সমান জল দাঁড়িয়ে যায়। হলদিয়া ব্লকের দেউলপোতা ও দেভোগ,চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের শিবরামনগর, চাউলখোলা, বড়বাড়ি, মনোহরপুর এবং বাড়বাজিতপুর, ডালিম্বচক, গোরানখালি, চকলালপুর, লালপুর, বাড়বাসুদেবপুর এলাকাতেও জল ঢুকে পড়ে।
দেউলপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটির বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে শেখ নুরুল ইসলাম (৬২)। ঘটনায় তিনজন আহত হয়েছেন। সোমবার শিল্প শহর হলদিয়ায় জলমগ্ন এলাকা পরিদর্শন ও প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। এ দিন প্রথমে হলদিয়া ভবনে জেলার প্রশাসনিক ও হলদিয়ার শিল্প সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। বৈঠক উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা, হলদিয়া মহকুমা শাসক সুরভি সিংলা সহ হলদিয়া উন্নয়ন পর্ষদ ও দপ্তরের বিভিন্ন কর্তারা।
একাধিক এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার কারণে স্কুলের পড়ুয়াদের যাতায়াত অসুবিধার মধ্যে পড়তে হবে। পাশাপাশি স্কুল চত্বরে জল ঢুকে যাওয়ায় স্বাভাবিক পঠন-পাঠন বিঘ্নিত হবে। সেই কারণে পূর্ব মেদিনীপুরে প্রায় তিন হাজার প্রাথমিক স্কুল, ৯৫০টি উচ্চমাধ্যমিক মঙ্গলবার পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।