ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময়ে ‘মাছচোর, মাছচোর’ গানটার কথা মনে আছে? মনে থাকারই কথা, যা ভাইরাল হয়েছিল! তরজাও কম হয়নি। গান থেকে মিম, মিম থেকে পোস্ট - ছেয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু এ বার সত্যিকারের মাছচোরের আবির্ভাব ঘটল উত্তর ২৪ পরগনার খড়দহের পুরানি বাজারে।
রাত নামার সঙ্গে সঙ্গে মাছের বাজারের ব্যস্ততাও কমতে থাকে। দোকানের ঝাঁপ বন্ধ করে বাড়ি ফেরেন ব্যবসায়ীরা। তখনই শুরু হয় মাছচোরের তাণ্ডব। ফাঁকা হয়ে যায় বরফে রাখা মাছের পেটি। সকালে দোকান খুলে ব্যবসায়ীরা দেখেন কিছুই নেই। কোথাও আবার ওজন করার যন্ত্র উধাও। দিনের পর দিন এমন ঘটনায় তিতিবিরক্ত তাঁরা। ব্যবসায়ীদের দাবি, ইতিমধ্যেই কয়েক হাজার টাকার মাছ চুরি হয়ে গিয়েছে।
রবিবার রাতেও একই কাণ্ড। কে বা কারা বিপুল টাকার মাছ চুরি করে পালায় বলে অভিযোগ খড়দহের পুরানি বাজারের ব্যবসায়ীদের। সকালে দোকান খুলে মাথায় হাত পড়ে যায় তাঁদের। এক-দু’টি দোকান নয়, পর পর বেশ কয়েকটি দোকানে এমন চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। তাঁরা প্রশ্ন তুলেছেন, ‘এমন চলতে থাকলে ব্যবসা করব কী করে?’
ঘটনার প্রতিবাদে সোমবার দোকানের ঝাঁপ বন্ধ রাখেন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, মাছ এমনিই বেশি দিন রাখা যায় না। পচে যায়। তার উপরে যদি এ ভাবে চুরি হয়, ব্যবসা করাই মুশকিল। এর সঙ্গে ওজনের যন্ত্র এবং অন্যান্য সামগ্রীও চুরি যাচ্ছে। ফলে সেই সব নতুন করে কিনতেও বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
রাতে বাজারের নিরাপত্তা এবং নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন ব্যবসায়ীরা। বিষয়টি ইতিমধ্যেই প্রশাসনকে জানানো বয়েছে বলেও তাঁদের দাবি। এই ঘটনার মধ্যেই ফিরে এসেছে সেই ‘মাছচোর’ প্রসঙ্গ। ভোটের প্রচারে জনপ্রিয় এই গান নিয়ে রাজনৈতিক চাপানউতোর এখনও পুরোপুরি থামেনি। সেই সময়ের বহুলচর্চিত শব্দবন্ধই এ বার খড়দহের বাজারের ঘটনায় যেন নতুন অর্থ পেয়েছে।
সমাজমাধ্যমেও শুরু হয়েছে নানা রসিকতা, পোস্ট এবং আলোচনা। তবে ব্যবসায়ীদের কাছে বিষয়টি মোটেই হাসির নয়। তাঁরা চান চুরির দ্রুত তদন্ত হোক। বাজারে নিরাপত্তা বাড়ুক। আর সত্যিই যদি কোনও ‘মাছচোর’ থাকে, তা হলে তাকে ধরা হোক দ্রুত।
১. কোথায় মাছ চুরির ঘটনা ঘটেছে?
উত্তর ২৪ পরগনার খড়দহের পুরানি বাজারে একাধিক মাছের দোকানে চুরির অভিযোগ উঠেছে।
২. কী কী চুরি হয়েছে?
ব্যবসায়ীদের অভিযোগ, দোকান থেকে মাছের পাশাপাশি মাছ ওজন করার যন্ত্র এবং অন্যান্য সামগ্রীও চুরি হয়েছে।
৩. কত টাকার মাছ চুরি হয়েছে?
ব্যবসায়ীদের দাবি, ইতিমধ্যেই কয়েক হাজার টাকার মাছ চুরি হয়েছে। রবিবার রাতেও বেশ কিছু দোকান থেকে বিপুল টাকার মাছ চুরি হয়েছে বলে অভিযোগ।
৪. চুরির প্রতিবাদে কী করেছেন ব্যবসায়ীরা?
পর পর চুরির প্রতিবাদে সোমবার মাছ ব্যবসায়ীরা তাঁদের দোকান বন্ধ রাখেন।
৫. ব্যবসায়ীদের দাবি কী?
রাতে বাজারে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর পাশাপাশি চুরির ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
৬. ‘মাছচোর’ প্রসঙ্গ কেন উঠছে?
২০২৬-এর বিধানসভা নির্বাচনের সময় জনপ্রিয় হওয়া ‘মাছচোর, মাছচোর’ গান ঘিরে রাজনৈতিক তরজা হয়েছিল। খড়দহের বাজারে সত্যিই মাছ চুরির ঘটনা সামনে আসায় সেই ‘মাছচোর’ শব্দবন্ধ নিয়েই নতুন করে সমাজমাধ্যমে চর্চা শুরু হয়েছে।