পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ে বৃদ্ধার মৃত্যু খাস কলকাতায়। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ কলকাতার জোড়াবাগান থানা এলাকার মালাপাড়ায় একটি পুরোনো তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। জানা গিয়েছে, এই ঘটনায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম ঊর্মিলা সাহু। বাড়ি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের মধ্যে অনেকেই আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছে। তবে, তাঁদের সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
সূত্রের খবর, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ জোড়াবাগানের মালাপাড়া এলাকার ওই তিনতলা বাড়িটির একাংশ ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং উদ্ধারকারী দল। দ্রুতগতিতে চলে উদ্ধার কাজ। জানা গিয়েছে, বাড়ির একাংশ ভেঙে তার নীচে চাপা পড়েই মৃত্যু হয়েছে ঊর্মিলার। পাশাপাশি, ভাঙা বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে অন্তত ২০ জন আটকে পড়েছিলেন। যদিও, তাঁদের সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
স্থানীয় সূত্রে খবর, বাড়িটি অন্তত ২০০ বছরের পুরোনো। প্রাথমিক ভাবে অনুমান, সোমবার সারাদিন কলকাতায় ভারী বৃষ্টির কারণে এই বিপর্যয়। বাড়িটির কাঠামো বৃষ্টির কারণে দুর্বল হয়ে গিয়েছিল বলেই অনুমান করা হচ্ছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেই জোড়াবাগান এলাকা একটি পুরনো দোতলা বাড়ি ভেঙে পড়ে। জোড়াবাগান থানা এলাকার ২৪ নম্বর কাশীনাথ দত্ত স্ট্রিটে ওই ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় ভাঙা বাড়ির ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছিলেন এক বৃদ্ধা-সহ মোট চার জন। দু’মাসের মধ্যেই ফের একই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এক নজরে
FAQ
বাড়ি ভেঙে পড়ার ঘটনাটি ঠিক কোথায় এবং কখন ঘটেছে?
মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ কলকাতার জোড়াবাগান থানা এলাকার মালাপাড়ায় একটি পুরোনো তিনতলা বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।
এই দুর্ঘটনায় কি কারও প্রাণহানি হয়েছে?
হ্যাঁ, এই ঘটনায় ভেঙে পড়া অংশের নীচে চাপা পড়ে ঊর্মিলা সাহু নামক ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
ধ্বংসস্তূপে আটকে পড়া বাকি বাসিন্দাদের কী অবস্থা?
ধ্বংসস্তূপের মধ্যে প্রায় ২০ জন আটকে পড়েছিলেন, তবে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের প্রত্যেককেই নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বাড়িটি ভেঙে পড়ার মূল কারণ কী বলে অনুমান করা হচ্ছে
বাড়িটি প্রায় ২০০ বছরের পুরোনো ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, সোমবার সারাদিন একটানা ভারী বৃষ্টির জেরে বাড়িটির কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল, যার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।
এর আগে কি জোড়াবাগান এলাকায় এমন কোনও ঘটনা ঘটেছিল?
হ্যাঁ, চলতি বছরের জুন মাসেই জোড়াবাগান এলাকার ২৪ নম্বর কাশীনাথ দত্ত স্ট্রিটে একটি পুরোনো দোতলা বাড়ি ভেঙে পড়েছিল, যেখানে ধ্বংসস্তূপের নীচে এক বৃদ্ধা-সহ মোট চার জন আটকে পড়েছিলেন।