• টানা বৃষ্টির জেরে কলকাতায় ভাঙল পুরনো বাড়ি, চাপা পড়ে মৃত্যু মহিলার
    আজ তক | ১৮ আগস্ট ২০২৬
  • মঙ্গলবার ভোরে কলকাতায় শহরে দুর্ঘটনা। আচমকা ভেঙে পড়ল তিন তলা বাড়ির একাংশ। যার জেরে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ এই ঘটনা ঘটেছে শহরের জোড়াবাগান এলাকার মালাপাড়াতে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। 

    স্থানীয় সূত্রে জানা যায়, ভেঙে পড়া বাড়ির ভেতরে আটকে পরেছিলেন প্রায় ১৫-২০ জন মানুষ। সকলকে তড়িঘড়ি উদ্ধার করে পুলিশ ও  বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু, দেখা যায় ধ্বংসস্তূপে ইট ও পাথরের নীচে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতার আনুমানিক বয়স ৬০-এর উপরেই। 

    জানা গিয়েছে, বাড়িটি আনুমানিক প্রায় ২০০ বছরের পুরনো। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং সোমবারের ভারী বৃষ্টির পরেই সম্ভবত বাড়িটির কাঠামো দুর্বল হয়ে পড়েছিল, তাই এদিন কাকভোরে ভেঙে পড়ে তিনতলা বাড়িটির একাংশ। আর ভাঙার মুহূর্তে ইট-পাথরে চাপা পড়েই মৃত্যু হয় মহিলার। 

    বিপর্যয় মোকাবিলা বাহিনী মহিলার মৃতদেহ ছাড়াও আরও প্রায় ১৫-২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। ডগ স্কোয়াড নিয়ে খুঁজে দেখা হয় ধ্বংসস্তূপের নীচে আরও কেউ আটকা পড়ে আছে কিনা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে আরও জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    উল্লেখ্য বিষয় হল, এর আগে জুন মাসে এই জোড়াবাগান এলাকাতেই কাশীনাথ দত্ত স্ট্রিটে ভেঙে পড়েছিল একটি পুরনো দোতলা বাড়ি। সেই দুর্ঘটনাতেও ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছিলেন এক বৃদ্ধা-সহ মোট চার জন। পরপর দু'মাসের মধ্যে ফের একই রকমের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে  জোড়াবাগান এলাকায়।

     
  • Link to this news (আজ তক)