• তারাপীঠে ১৫টি হোটেল-লজ বন্ধের নির্দেশ মহকুমা প্রশাসনের, রইল নামের তালিকা
    এই সময় | ১৮ আগস্ট ২০২৬
  • তারাপীঠে ১৫টি হোটেলে ঝুলতে চলেছে তালা। জানিয়ে দিল রামপুরহাট মহকুমা প্রশাসন। সোমবার তারাপীঠের ঘটনা নিয়ে তৈরি হয়েছিল তদন্ত কমিটি। এ দিন তারাপীঠের চণ্ডীপুর এলাকার ১৫টি হোটেল ও লজের নামের তালিকা জানানো হলো। সোমবারই হোটেল মালিক সমিতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার-সহ অন্যরা।

    মঙ্গলবার রামপুরহাট মহকুমা আধিকারিক রাঠৌর অশ্বিন বাবু সিং বলেন, ‘আমরা আজকে ১৫টি হোটেল বন্ধ করার নোটিস পাঠাচ্ছি। এগুলি অবিলম্বে বন্ধ করতে হবে। ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যা-সহ বেশ কিছু কারণে এর আগেও একাধিকবার নোটিস পাঠানো হয়েছে। কিন্তু তারা যে হেতু কোনও জবাব দিচ্ছে না, তাই এই ঘটনার পরে আমাদের অবিলম্বে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

    তিনি আরও জানান, সোমবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, সামনে কৌশিকী অমাবস্যা। পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তাই টিম তৈরি করা হয়েছে। যেখানে দমকল, পিডব্লুডি, রাজ্য বিদ্যুৎ নিগম পর্ষদের প্রতিনিধি, SDO থেকে পুলিশের লোকও থাকবে। যারা যৌথ ভাবে হোটেলগুলি পরিদর্শন করবে এবং সমস্ত দিক খতিয়ে দেখবে।

    সোমবার ভোরে তারাপীঠের একটি হোটেলে আগুন লাগে। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। ইতিমধ্যেই হোটেল মালিক ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনিচ্ছাকৃত খুন, গাফিলতির মতো একাধিক অভিযোগে মামলা হয়েছে। সোমবারই ফায়ার অডিটের জন্য ৯ সদস্যের স্পেশাল অডিট টিম গঠন করা হয়েছে। রামপুরহাটের হোটেলগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখবে এই অডিট টিম। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে কারণেই আগাম সতর্কতা নিতে চাইছে প্রশাসন। সোমবার ভোরে রামপুরহাটের তারাপীঠে বিদেশিনী নামে এক হোটেলে আগুন লাগে। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

    ১. আদর্শ হোটেল

    ২. নকুল চন্দ্র লজ

    ৩. শৈলেন ভবন

    ৪. গীতশ্রী গেস্ট হাউস

    ৫. হরে কৃষ্ণ ভবন

    ৬. গিরিধারী ভবন

    ৭. বীরভূম লজ

    ৮. ভোলানাথ ভবন

    ৯. হোটেল দেব

    ১০. আনন্দ ভবন

    ১১. স্বস্তিক নিবাস হোটেল অ্যান্ড লজ

    ১২. তপতী লজ

    ১৩. সন্দীপ লজ

    ১৪. কেশরী লজ

    ১৫. দত্ত ভবন

  • Link to this news (এই সময়)