• নিম্নচাপ সরছে বিহার, ঝাড়খণ্ডের দিকে, বাংলায় ঝড়বৃষ্টি থামার কী পূর্বাভাস?
    আজ তক | ১৮ আগস্ট ২০২৬
  • সোমবার তুমুল বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। যদিও মঙ্গলবার সকাল থেকেই বদলেছে পরিস্থিতি। দুর্যোগ কিছুটা হলেও কেটেছে। তেমন একটা বৃষ্টির দেখা মেলেনি। 

    আর আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে সরতে শুরু করেছে। যার জেরে কমছে তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা। তবে কিছু কিছু জায়গায় আজও ভারী বৃষ্টি হতে পারে।

    নিম্নচাপ কোথায়? 
    নিম্নচাপ নিয়ে লেটেস্ট আপডেট দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপর তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ড ও বিহারের উপর দিয়ে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই দুর্যোগ কমতে পারে পশ্চিমবঙ্গে।

    আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
    দুর্যোগ কমবে ঠিকই। তবে সব জেলার মানুষ ঝড়বৃষ্টি থেকে নিস্তার পাবেন না। বিশেষত, পশ্চিমের ৬ জেলাতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ায় তুমুল বৃষ্টি হবে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানেও ভালই বৃষ্টি হতে পারে। তাই এই সব জেলার মানুষেরা আজও একটু সাবধানে থাকুন। 

    কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
    মোটের উপর দুর্যোগ কাটিয়ে ফেলেছে কলকাতা। সকাল থেকে বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। আর আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে, কলকাতায় আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।  

    দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কী হবে?
    কলকাতা সংলগ্ন দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। এই সব কয়েকটা জেলার বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে মোটামুটি শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবেশের উন্নতি হবে বলে জানা গিয়েছে। ভারী বৃষ্টি ধীরে ধীরে কমে যাবে। 

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
    ওদিকে মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি হবে। সেই মতো হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আজ উত্তরের অধিকাংশ জেলাই ভিজবে। এমন ভারী বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত। বিশেষত, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

    সমুদ্র উত্তাল থাকবে

    নিম্নচাপ সরছে। তবে তার প্রভাব পুরোপুরো কাটেনি। সেই কারণে আজও উত্তাল থাকতে পারে সমুদ্র। যার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে আজ বারণ করা হয়েছে।  
     

     
  • Link to this news (আজ তক)