• বিজেপি সরকারের ১০০ দিন: উন্নয়ন, সুশাসন ও নারী নিরাপত্তায় জোর, নদিয়ায় জানালেন খাদ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ১৮ আগস্ট ২০২৬
  • পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নদিয়া দক্ষিণ জেলা বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় মঙ্গলবার। এদিন রাজ্য সরকারের ১০০ দিনের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত বক্তব্য রাখেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।

    সাংবাদিক সম্মেলনে অশোক কীর্তনীয়া দাবি করেন, বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলার উন্নয়নে গতি এসেছে। কৃষি থেকে শিল্প, বিভিন্ন ক্ষেত্রে ‘ডাবল’ গতিতে উন্নয়নের লক্ষ্যে সরকার এগিয়ে চলেছে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে রাজ্যের ঝিমিয়ে পড়া স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী।

    আইন-শৃঙ্খলা প্রসঙ্গেও সরকারের সাফল্যের দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা ধীরে ধীরে ফিরছে। নারী নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে বলে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন তিনি।

    এদিন বাংলার রাজনীতিতে ‘লাগামহীন তোষণের রাজনীতি’ বন্ধ করার বার্তা দেন অশোক কীর্তনীয়া। পাশাপাশি সরকারের ১০০ দিনে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছে বলেও দাবি করেন তিনি।

    তবে শুধু ১০০ দিনের সাফল্যের খতিয়ানেই থেমে থাকেননি খাদ্যমন্ত্রী। আগামী দিনে কৃষি, শিল্প, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, নারী নিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রে কীভাবে আরও উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেই পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

    সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অশোক কীর্তনীয়া বলেন, আগামী দিনে আরও দ্রুততার সঙ্গে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়ার উপরও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

    এদিনের সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া ছাড়াও উপস্থিত ছিলেন চাকদহের বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ, রানাঘাট উত্তর-পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস, রানাঘাট দক্ষিণের বিধায়ক আসীম কুমার বিশ্বাস এবং নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অপর্ণা নন্দী-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)