স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে তৃষাকে ‘স্যালুট’ বিজয়ের! ‘নির্লজ্জ’, তোপ ডিএমকে-র
প্রতিদিন | ১৮ আগস্ট ২০২৬
কয়েকদিন আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের (Vijay Thalapathy) বান্ধবী তথা অভিনেত্রী তৃষাকে (Trisha Krishnan) নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে। সেজন্য এমনকী হাজতবাসও করতে হয়েছিল তাঁকে। তবে এহেন পরিস্থিতিতে ফের তৃষা ও বিজয়কে জড়িয়ে সমালোচনা করতে দেখা গেল ডিএমকে-কে। দলীয় মুখপত্র ‘মুরাসলি’-তে দাবি করা হয়েছে, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে বিজয় যেভাবে দর্শকাসনের সামনের সারিতে বসে থাকা তৃষাকে ‘স্যালুট’ করেছেন তা তাঁর ভোটাররাও মেনে নিতে পারেননি। এই কটাক্ষ ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
ঠিক কী লেখা হয়েছে সেখানে? ডিএমকে-র দাবি- ‘স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী বিজয়ের মর্যাদাই যেন বাতাসে মিলিয়ে গেল। কোনো রকম লজ্জা বা দ্বিধা ছাড়াই তিনি এক অভিনেত্রীকে সামনের সারিতে বসালেন এবং তাঁর সঙ্গে বারবার কুর্নিশ বিনিময় করলেন—এমন এক দৃশ্য যা এমনকি তাঁর ভোটাররাও মেনে নিতে পারেননি।’
উল্লেখ্য, চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জ-এ আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন থলপতি বিজয়। সেখানেই ‘প্রেমিক’ মুখ্যমন্ত্রীর মা-বাবার সঙ্গে তৃষাকে প্রথম সারিতে বসে অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে দেখা যায়। ভাইরাল কিছু ছবি-ভিডিওতে দেখা গেল, তাঁদের সঙ্গে বেশ সাবলীলভাবেই বার্তালাপে ব্যস্ত এইমুহূর্তে তামিলভূমের চর্চিত অভিনেত্রী। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গেও হাসিমুখে কুশল-মঙ্গল বিনিময় করতে দেখা যায় তৃষাকে। পরনে হলুদ শাড়ি। খোঁপায় গোঁজায় ফুলের মালা। মা উমা কৃষ্ণণকে নিয়ে বিজয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন স্নিগ্ধ সুন্দরী তৃষা। আর সেই সময়ই প্যারেডের সময় বিজয়কে স্যালুট জানাতেও দেখা যায় অভিনেত্রীকে। স্যালুট ফিরিয়ে দেন বিজয়ও। আর এহেন মিষ্টি মুহূর্ত ছড়িয়ে পড়তেই নেটমহলে ফের চর্চার শিরোনামে বিজয়-তৃষার প্রেমচর্যা। এবার সেটা নিয়েই তোপ দাগল ডিএমকে।