• এবার হাসপাতাল হবে মৌলালির ‘স্টুডেন্টস হেলথ হোম’, বড় ঘোষণা বিমান বসুর
    প্রতিদিন | ১৮ আগস্ট ২০২৬
  • এতদিন ছিল ‘স্টুডেন্টস হেলথ হোম’। সেখানে বিভিন্ন চিকিৎসকরা কম খরচে রোগী দেখতেন। চিকিৎসাও হতো। কিন্তু এবার মৌলালি যুব কেন্দ্রের সেই ‘স্টুডেন্টস হেলথ হোম’ পুরোদস্তুর হাসপাতাল করতে চলেছে সিপিএম। ৫৫ শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। এর জন্য জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে। এমনই জানিয়েছেন বিমান বসু।

    জানা যাচ্ছে, সংগঠনের ৭৫তম বর্ষে ৭৫ জন ছাত্র-ছাত্রীর বিনামূল্যে চিকিৎসার জন্য মৌলালি যুবকেন্দ্রে ৫৫ শয্যার হাসপাতাল তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে ‘স্টুডেন্টস হেলথ হোম’ কর্তৃপক্ষ। এই লক্ষ্যে ৭৫ হাজার মানুষের কাছে পৌঁছে ন্যূনতম ৭৫ টাকা করে অনুদান সংগ্রহের পরিকল্পনাও নিয়েছে তারা। সংগঠনের ৭৫তম বর্ষ পালনের উদ্দেশ্যে মৌলালি যুবকেন্দ্রে হয়েছে প্রস্তুতিসভা। সভায় ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা হেলথ হোমের আজীবন সদস্য বিমান বসু, শিক্ষাবিদ পবিত্র সরকার, চিকিৎসক শংকর নাথ-সহ অন্যরা।

    ওই অনুষ্ঠানে বিমান বসু বলেন, “বর্তমান প্রজন্মের কাছে হেলথ হোমের ধারণা স্পষ্ট নয়। আমরা, যাঁরা প্রবীণ, তাঁদের স্মৃতিতেও কিছুটা ধুলো জমেছে। পড়ুয়াদের উত্তাল আন্দোলনের সঙ্গী এই স্টুডেন্টস হেলথ হোম। এই আন্দোলনের সময়েই ছাত্রদের সুস্বাস্থ্যের দাবি উঠেছিল।” স্টুডেন্টস হেলথ হোম তৈরির ইতিহাসও ফের মনে করিয়ে দিয়েছেন বিমান। স্টুডেন্টস হেলথ হোমের সাধারণ সম্পাদক পবিত্র গোস্বামী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ৭৫টি গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন এবং জেলা-ভিত্তিতে ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে হেলথ হোমের সদস্য করা হবে। তবে তার আগে মৌলালি যুব কেন্দ্রের স্টুডেন্টস হেলথ হোমকে পুরোদস্তুর হাসপাতালে পরিণত করার কাজ শুরু হয়েছে। জনগণের সাহায্যের অর্থেই তা তৈরি হবে। বিমান বসুর আবেদন, আরও ভালো চিকিৎসা পরিষেবার জন্য যার পক্ষে যতটা সম্ভব, যেন অর্থসাহায্য করেন।
  • Link to this news (প্রতিদিন)