• এক সপ্তাহ টানা জলে ভেসে থাকা ইকবাল এখন মুম্বইয়ে, কেমন আছেন তিনি?
    এই সময় | ১৮ আগস্ট ২০২৬
  • শুভাশিস সৈয়দ

    শরীরে অসহ্য জ্বালা। তা থেকে রেহাই পেতেই এলাকার পুকুরে দিনের পর দিন ভেসে থেকে হইচই ফেলে দিয়েছিলেন মুর্শিদাবাদের বছর আঠারোর যুবক ইকবাল হোসেন। সমাজমাধ্যমে তাঁর সেই জলে ভেসে থাকার দৃশ্য ভাইরাল হওয়ার পরেই যুবকের চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে জিয়ো রিলায়্যান্সের একটি টিম। মুম্বইতে তাঁর চিকিৎসাও চলছে গত তিন দিন ধরে। কিন্তু বর্তমানে ইকবালের শারীরিক অবস্থা কেমন, কী কারণে তাঁর গায়ে জ্বালা করত, এই সব বিষয়ে এখনও অন্ধকারে গোটা পরিবার।

    তবে ইকবালের সঙ্গে মুম্বইতে গিয়েছেন রুবেল শেখ নামে এক সমাজকর্মীও। তিনি রানিনগর থানার ইসলামপুরের বাসিন্দা। রুবেল অবশ্য বলেন, ‘ইকবাল এখন ভালো আছে। চিকিৎসায় সাড়া দিচ্ছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। এখানকার ব্যবস্থা খুবই ভালো। চিকিৎসায় কোনও ত্রুটি হচ্ছে না। তবে এ ব্যাপারে বেশি কথা বলতে হাসপাতাল কর্তৃপক্ষ নিষেধ করেছেন।’

    গত শনিবার মুর্শিদাবাদ থেকে কলকাতা বিমানবন্দরে এনে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে ইকবালকে। সেখানে রিলায়্যান্সের হাসপাতালে এখন তাঁর চিকিৎসা চলছে। কিন্তু ছেলে এখন কেমন আছে, কী রকম চিকিৎসা চলছে, তা নিয়ে সেই অর্থে কিছুই জানেন না মা কামিরণ বিবি। মঙ্গলবার সকালে মুম্বই থেকে তিনি ফোনে বলেন, ‘ইকবালকে আইসিইউ-তে রাখা হয়েছে। কিন্তু কী চিকিৎসা চলছে, সে বিষয়ে আমরা কিছুই জানতে পারছি না। কারণ আমাদের আইসিইউ-তে ঢুকতেই দিচ্ছে না। আমাদের রাখা হয়েছে হাসপাতালের হস্টেলের ঘরে।’

    টানা প্রায় সাত দিন ধরে পুকুরের জলে ভেসে থাকার পরে গত বুধবার ইকবালকে স্থানীয়েরাই জল থেকে তুলে এনেছিলেন। পরিবার জানিয়েছে, তার পরেই তাদের সঙ্গে যোগাযোগ করেন ব্রজপাল ত্যাগী নামে গাজ়িয়াবাদের এক চিকিৎসক। সমাজমাধ্যমে ইমরানের জলে ভেসে থাকার দৃশ্য তাঁঁরও নজরে এসেছিল। ব্রজপালের কথা মতোই পরিবার এবং পড়শিরা ইকবালকে গাজ়িয়াবাদে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর চিন্তাভাবনা করছিলেন। তার মাঝেই গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার বড়ুয়া ফরাজিপাড়ায় ইকবালের গ্রামের বাড়িতে হাজির হন রিলায়্যান্স জিয়োর একটি টিম।

    মুম্বইয়ে ইকবালের চিকিৎসা শুরু হওয়ার পরেই একটি ভিডিয়োবার্তায় চিকিৎসক ত্যাগী বলেন, ‘কেউ যে ইকবালের চিকিৎসার দায়িত্ব নিয়েছে, এটা ভালো খবর।’ কিন্তু এখনও পর্যন্ত যুুবকের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানতে না পেরে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ত্যাগীর আবেদন, ‘ইকবালের বর্তমান অবস্থা, রোগনির্ণয় এবং চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য দপ্তর বা সংশ্লিষ্ট জিয়ো টিমের তরফে নির্ভরযোগ্য আপডেট দেওয়া হোক।’

  • Link to this news (এই সময়)