সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বীরভূমের নলহাটি থানার সাব-ইন্সপেক্টর। মুম্বই থেকে তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। ট্রানজ়িট রিমান্ডে তাকে রাজ্যে নিয়ে এসে মঙ্গলবার বিধাননগর আদালতে হাজির করানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসে এক তরুণী বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, সল্টলেকের সিএল ব্লকের একটি গেস্ট হাউসে তাঁকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই সাব-ইন্সপেক্টর। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
তদন্তকারীদের সূত্রে খবর, ওই মামলায় আগেই জামিন পেয়েছিল অভিযুক্ত সাব-ইন্সপেক্টর। এর পরে বীরভূম জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন বিধাননগর পূর্ব থানার তদন্তকারীরা। কিন্তু তার পর থেকে অভিযুক্তের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না বলেই পুলিশ সূত্রে দাবি। তদন্তকারীদের সূত্র জানিয়েছে, গোপন সূত্রে পুলিশ জানতে পারে, অভিযুক্ত মুম্বইয়ে আত্মগোপন করে রয়েছে। এর পরে বাণিজ্যনগরীতে গিয়ে সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত সাব-ইন্সপেক্টরকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়।