• বচসার পর ট্রেনে সহযাত্রীর উপর অগ্নিনির্বাপক স্প্রে বিদেশি যুবকের! পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু
    প্রতিদিন | ১৯ আগস্ট ২০২৬
  • ট্রেনে সহযাত্রীর সঙ্গে তুমুল বচসা। কার্যত হাতাহাতি বেঁধে গিয়েছিল। শেষমেষ রাগে তাঁর উপর অগ্নিনির্বাপক স্প্রে করার অভিযোগ উঠল এক বিদেশি যুবকের বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দিল্লিগামী গোল্ডেন টেম্পল এক্সপ্রেসে। তবে চাঞ্চল্যকর বিষয় হল এর কয়েকঘণ্টা পর রেল পুলিশের হেফাজতে রহস্যমৃত্যু হয় অভিযুক্তের। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।

    রেল পুলিশ সূত্রে খবর, ওই বিদেশি যুবক মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাস থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন। সওয়ার হয়েছিলেন জেনারেল কামরায়। কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণ পরই এক সহযাত্রীর সঙ্গে তিনি বচসায় জড়ান। সূত্রের খবর, বচসা ক্রমে হাতাহাতিতে পরিণত হচ্ছিল। খবর পেয়ে তড়িঘড়ি সেই কামরায় পৌঁছান রেল পুলিশের আধিকারিকরা। ওই বিদেশি যুবককে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু অভিযোগ, তিনি আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি ওই সহযাত্রীর উপর অগ্নিনির্বাপক স্প্রে করে বসেন। এরপরই অন্যান্য যাত্রীরা অভিযুক্তের উপর চড়াও হন। তাঁকে মারধর করেন বলে অভিযোগ।

    এরপর ট্রেনটি সুরাটে পৌঁছালে রেল পুলিশের আধিকারিকরা অভিযুক্তকে আরপিএফ পোস্টে নিয়ে যান। কিন্তু রেল পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তিনি আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন। তড়িঘড়ি যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কী কারণে তাঁর মৃত্যু হল, তা স্পষ্ট নয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রেল পুলিশ জানিয়েছে, ওই যুবকের বয়স ৪৫ বছর। কিন্তু তাঁর পরিচয় প্রকাশ্যে আসেনি। অভিযুক্তের কাছ থেকে কোনও পাসপোর্ট বা অন্য কোনও পরিচয়পত্র উদ্ধার হয়নি বলে দাবি রেল পুলিশের। গোটা ঘটনায় বাড়ছে রহস্য।
  • Link to this news (প্রতিদিন)