• আইপ্যাক মামলা: সিবিআই তদন্তে আপত্তি নেই মমতার কৌঁসুলির!
    এই সময় | ১৯ আগস্ট ২০২৬
  • এই সময়, নয়াদিল্লি: বাংলায় তৃণমূল সরকারের জমানায় কলকাতা ও সল্টলেকে ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি চলাকালীন বাধাদানের ঘটনায় সরাসরি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল ইডি। গোটা ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা চেয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই সময়ে সিবিআই তদন্তের তীব্র বিরোধিতা করা হয়েছিল তৎকালীন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর তরফে। ইতিমধ্যে রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে।

    মঙ্গলবার এই মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী জানালেন, রাজ্যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সরকার বদল হয়েছে৷ এই অবস্থায় ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলে তাঁদের আপত্তি নেই৷

    যদিও এ দিন বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে শুনানি চলাকালীন মেনকার সওয়ালের তীব্র বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷ তাঁর দাবি, ‘পরিস্থিতির কী বদল হয়েছে, তা আমাদের দেখার বিষয় নয়৷’ উভয় পক্ষের সওয়াল–জবাব শুনে বিচারপতি মিশ্রের পর্যবেক্ষণ, সিবিআইয়ের হাতে তদন্ত হস্তান্তরের বিষয়টি তাঁরা বিবেচনা করবেন৷

    তখনও সলিসিটর জেনারেল মেহতা যুক্তি দেন, ‘বাংলায় রাজনৈতিক পরিবর্তন এবং সরকার পরিবর্তন হয়েছে— শুধু এই কারণে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলে অদূর ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্তের অভিযোগ উঠতে পারে৷ যা একেবারেই কাম্য নয়৷’ এই মর্মেই তাঁর সংযোজন, ‘এক জন (প্রাক্তন) মুখ্যমন্ত্রী ফাইল চুরি করেছেন৷ এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন৷’

    একই সুরে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুর যুক্তি, ‘এক জন একাধারে মুখ্যমন্ত্রী, অন্যদিকে রাজ্যের পুলিশমন্ত্রী হওয়ার পরে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত করার বিষয়টি কতটা যুক্তিযুক্ত সেটাও বিবেচনা করে দেখতে হবে৷’

    এর পরেই বিচারপতি মিশ্র এবং বিচারপতি আঞ্জারিয়া জানান, তাঁরা মামলাটির মেরিট এবং গ্রহণযোগ্যতা দু’টি দিক বিবেচনা করেই পূর্ণাঙ্গ শুনানি করবেন৷ ২ সেপ্টেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি৷ সে দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সওয়াল করবেন মেনকা গুরুস্বামী৷ তার পরে সওয়াল করতে পারেন দুই বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ও শ্যাম দিওয়ান৷

  • Link to this news (এই সময়)