স্কুলের মিড ডে মিল আলুনি লেগেছিল পড়ুয়াদের। একটু নুন চেয়েছিল এক ছাত্রী। তার দেখাদেখি অন্য পড়ুয়ারাও নুন চায়। রান্নাঘর থেকে তাদের জন্য নুন আনতে গিয়ে রাঁধুনি ডিটারজেন্ট পাউডারের কৌটো তুলে এনেছিলেন। সেই ডিটারজেন্ট পাউডার খেয়েই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিহারের নালন্দার পার্সি মিডল স্কুলের ৩৪ জন পড়ুয়া। তাদের মধ্যে ১৭ জন ছাত্রী এবং ১৭ জন ছাত্র।
স্কুল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময়ে স্কুলের ১৩২ জন পড়ুয়াকে মিড ডে মিল দেওয়া হয়েছিল। মেনুতে ছিল ভাত এবং সয়াবিন-আলুর তরকারি। স্কুলের প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার সিং বলেন, ‘খাওয়ার সময়ে এক ছাত্রী একটু নুন চেয়েছিল। ঘটনাচক্রে, ওই ছাত্রী স্কুলেরই এক রাঁধুনির নাতনি। রাঁধুনি ভুলবশত নুনের কৌটোর বদলে ডিটারজেন্ট পাউডারের কৌটো নিয়ে এসে ওই ছাত্রীর পাতে দেন। তা দেখে অন্যরাও নুন চায়। রাঁধুনি না বুঝে সকলকেই ডিটারজেন্ট পাউডার দেন।’
প্রধানশিক্ষক জানান, খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাচ্চারা জানায়, তাদের গলা-পেটে ব্যথা হচ্ছে। তা শোনার পরেই ছাত্রছাত্রীদের গরম নুন-জল খাইয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। তার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।
প্রশাসনিক সূত্রে খবর, অসুস্থ হয়ে পড়া ছাত্রছাত্রীদের প্রথমে ভাগন বিঘা ডেন্টাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের স্থানান্তরিত করা হয় বিহারশরিফ সদর হাসপাতালে। খবর পেয়েই হাসপাতালে যান শিক্ষা দপ্তর ও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। বিহারের মন্ত্রী শ্রবণ কুমারও হাসপাতালে গিয়ে বাচ্চাদের চিকিৎসার খোঁজখবর নেন।
নালন্দা জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘শিশুদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসকেরা জানিয়েছেন, সকলে এখন সম্পূর্ণ সুস্থ ও বিপন্মুক্ত। ভয়ের কোনও কারণ নেই।’ তবে এই ঘটনায় পুলিশে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।