• Kolkata Fire: হোটেলে আগুন, স্ত্রী, তিন বছরের শিশু-সহ মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের
    এই সময় | ১৯ আগস্ট ২০২৬
  • ধর্মতলার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের মধ্যে পাঁচ বাংলাদেশের নাগরিক রয়েছেন বলে জানাল সে দেশের প্রথম শ্রেণির সংবাদপত্র ‘প্রথম আলো’। বুধবার দুপুরে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মহম্মদ খালেদকে উদ্ধৃত করে এই খবর প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, মৃত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন কুষ্টিয়ার বাসিন্দা। অন্যদিকে সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ‘আজকের পত্রিকা’ সংবাদপত্রের সাংবাদিক দেবাশিস দত্ত, তাঁর স্ত্রী ও ছোট্ট সন্তানেরও মৃত্যু হয়েছে এই ঘটনায়। ঢাকার সাভারের এক বাসিন্দাও রয়েছেন মৃতের তালিকায়।

    প্রথম আলোর খবর অনুযায়ী, কুষ্টিয়ার দেবাশিস দত্ত, স্বর্ণাশিস দত্ত, আফসানা শিম্মিন, মহম্মদ আকরাম আলির মৃত্যু হয়েছে। স্বর্ণাশিসের বয়স তিন বছর। দেবাশিসের স্ত্রী শিম্মিন। ছেলে স্বর্ণাশিস। বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে মঙ্গলবারই কলকাতায় আসেন। ধর্মতলার মির্জ়া গালিব স্ট্রিটের হোটেলে ওঠেন। রাতে সব শেষ! ঢাকার সাভারের বাসিন্দা আহমেদ বাবুও রয়েছেন মৃতদের তালিকায়।

    ডেপুটি হাইকমিশনার মহম্মদ খালেদকে উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, বাংলাদেশ উপ-হাইকমিশনের এক আধিকারিক স্থানীয় থানা ও মর্গে গিয়ে মৃতদের পরিচয় যাচাই করেন। স্থানীয় পুলিশের সহযোগিতায় পাঁচজনেরই বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত করা হয়েছে। যদিও কলকাতা পুলিশের কাছ থেকে এখনও এমন কিছু তথ্য পাওয়া যায়নি। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মহম্মদ খালেদও ঘটনাস্থলে দাঁড়িয়ে এ নিয়ে কিছু নিশ্চিত করেননি।

    ধর্মতলার মির্জ়া গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লাগে। নিউ মার্কেট থানা এলাকার অন্তর্গত ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দমবন্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়।

  • Link to this news (এই সময়)