• তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
    দৈনিক স্টেটসম্যান | ১৯ আগস্ট ২০২৬
  • তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত। ‘অপারেশন সিঁদুর’ এবং ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করেছে আদালত।

    একটি সাক্ষাৎকারে সেনাবাহিনী এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই মন্তব্যের পরিপ্রক্ষিতেই কৃষ্ণনগরের এসিজেএম আদালতে একটি মামলা দায়ের করা হয়। নদিয়ার বাসিন্দা গৌরাঙ্গ দে গত ১৩ মে এই মামলাটি করেছিলেন।

    আদালত সূত্রে খবর, মামলার শুনানির জন্য একাধিকবার তৃণমূল সাংসদকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বারবার তলব করা সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি বলে অভিযোগ। বারবার নির্দেশ অমান্য করার কারণেই শেষ পর্যন্ত কৃষ্ণনগর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারির নির্দেশ দেয়।

    মামলাকারীর বক্তব্য, ভারতীয় সেনাবাহিনী সারা বিশ্বের কাছে গর্বের, আর তাঁদের নিয়ে মহুয়া মৈত্র অপারেশন সিঁদুরের নামে সাংবাদিকদের কাছে যে মন্তব্য করেছে, তারই প্রতিবাদেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

    প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল, জম্মু-কাশ্মীরের পহেলগামের বৈসরণ উপত্যকায় অতর্কিতে জঙ্গি হামলা হয়। এই ঘটনায় ২৬ জন নিরীহ মানুষ মারা যান। তারপরই পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

    কয়েক সপ্তাহ আগে ডিম ছোড়া সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছিলেন মহুয়া মৈত্র। তাঁর আর্জি শুনতে অস্বীকার করে শীর্ষ আদালত। শুনানিতে মহুয়ার উদ্দেশে প্রশ্ন তোলা হয়েছিল যে, “আপনি একজন সাংসদ। রাজনীতির ময়দানে নেমেও ডিম ছোড়ার মতো বিষয়কে এতটা ভয় পাচ্ছেন? যেখানে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা বুকের ওপর গুলি সহ্য করেছেন, সেখানে ডিমের ভয়ে এরকম আবেদন নিয়ে শীর্ষ আদালতে আসাই উচিত নয়।”
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)