মমতা জমানার ১৬০০ সুপার নিউমেরারি পদ প্রত্যাহার, হাই কোর্টে জানাল রাজ্য
প্রতিদিন | ১৯ আগস্ট ২০২৬
উচ্চ প্রাথমিকে ১ হাজার ৬০০ সুপার নিউমেরারি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল পূর্বতন তৃণমূল সরকার। বুধবার সেই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল বর্তমান রাজ্য সরকার। কলকাতা হাই কোর্টে (Calcutta HC) সে সিদ্ধান্তের কথা রাজ্যের তরফে জানানো হয়।
বলে রাখা ভালো, গত ২০১৬ সালের উচ্চমাধ্যমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ‘সুপার নিউমেরারি পোস্ট’ বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তৎকালীন রাজ্য সরকার। রাজ্যের এই অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত নিয়েই সেই সময় মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। ২০২৩-এর এপ্রিলে এই শূন্যপদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ। পাশাপাশি, তৎকালীন মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছিল আদালত। পরে মামলা যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট মন্ত্রিসভার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে মন্ত্রিসভার সিদ্ধান্ত মতো অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, তাতে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে যাবে।
ইতিমধ্যে রাজ্য সরকার বদলে যায়। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলার শুনানি ছিল। নতুন সরকার হাই কোর্টে জানিয়ে দেয়, সুপার নিউমেরারি পদে নিয়োগের ক্ষেত্রে আগের সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী তারা এগোবে না। বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হচ্ছে। তার ফলে স্বাভাবিকভাবেই আজ থেকে আর সুপার নিউমেরারি পদের কোনও অস্তিত্ব নেই।