পাক গুপ্তচর সন্দেহে রাজ্যে গ্রেপ্তার আরও এক জন। ধৃতের নাম জাফর সাম ওরফে সানি। মঙ্গলবার রাতে তাঁকে হুগলির রিষড়া থেকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, পাকস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর এজেন্ট সন্দেহে কিছু দিন আগে বনগাঁ সীমান্তের কাছে হাবরা থেকে পাক নাগরিক রানা রউফকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ভারতে ঢুকতে সাহায্য করা এবং আধার কার্ড ও প্যান কার্ড তৈরি করতে সাহায্য করার অভিযোগে সানিকে গ্রেপ্তার করেছে এসটিএফ।
পুলিশ সূত্রে খবর, সানির বাড়ি কলকাতার তপসিয়া এলাকায়। রানা গ্রেপ্তার হওয়ার পরে তিনি রিষড়া চলে এসেছিলেন। রানার সহযোগী হিসেবে আগেই ২ জনকে গ্রেপ্তার করেছিল এসটিএফ।
এক সময়ে রিষড়ার গান্ধী সড়কের একটি ভাড়াবাড়িতে সপরিবার থাকতেন সানি। পরে তিনি তপসিয়ায় চলে যান। তদন্তকারীদের সূত্রে খবর, রানাকে সালকিয়ার একটি কারখানায় সানিই কাজ পাইয়ে দিয়েছিলেন। শুধু তা-ই নয়, ভারতীয় পরিচয়পত্র তৈরিতেও সাহায্য করেছিলেন তাঁকে। স্থানীয় এবং পরিবার সূত্রে খবর, রিষড়ায় এসে মঙ্গলবার রাতে বাড়িতে ফোন করেছিলেন সানি। স্ত্রীকে ফোন করে সন্তানদের দেখে রাখতে বলেছিলেন। যাঁর মোবাইল ফোন থেকে স্ত্রীর সঙ্গে যোগাযোগ, ভিকি নামে সেই ব্যক্তি বলেন, ‘রাত ১১টার পরে সানি আসে। জল খায়। তার পরে আমার মোবাইল চেয়ে বাড়িতে ফোন করে।’
এই ঘটনায় হতবাক সানিদের এককালের প্রতিবেশী ওয়াসি আহমেদ। বলেন, ‘সানির বাবা রিষড়ার জুটমিলে কাজ করতেন। সানির দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে ওরাও তপসিয়ায় চলে গিয়েছিল।’