• কামরূপ এক্সপ্রেস থেকে উধাও শিশু, পাওয়া গেল রেল লাইনের ধারে, রহস্য
    এই সময় | ২০ আগস্ট ২০২৬
  • অসম থেকে কলকাতায় আসছিলেন এক দম্পতি। ডাউন কামরূপ এক্সপ্রেসের যাত্রী ছিলেন তাঁরা। সঙ্গে ছিল সাত মাসের শিশুকন্যা। ট্রেন থেকে হঠাৎ উধাও হয়ে যায় ওই শিশুটি। পরে সেই শিশুটিকে উদ্ধার করা হয় ব্যান্ডেল রেল লাইন শাখার লক্ষীপুর স্টেশনের কাছে। বাচ্চাটির উধাও হয়ে যাওয়ার ঘটনায় তৈরি হয়েছে রহস্য। শিশুটির মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পূর্বস্থলী থানার পুলিশ। ঘটনার স্থলে পৌঁছেছেন CWC (চাইল্ড ওয়েলফেয়ার কমিটির) প্রতিনিধিরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, জুভেনাইল জাস্টিস বোর্ডের নির্দেশে বাচ্চাটিকে মা-বাবার হাতে তুলে দেওয়া হল। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য অনিল মজুমদার জানিয়েছেন, পূর্বস্থলী থানার পুলিশ বাচ্চাটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেয়। জুভেনাইল জাস্টিস বোর্ডের নির্দেশে বাচ্চাটি এখন মা-বাবার কাছে রয়েছে।

    জানা গিয়েছে, অরুণাচলপ্রদেশের তেজু এলাকার বাসিন্দা রাহুল কুমার ব্যবসা করেন৷ তিনি স্ত্রী কুমকুম কুমারী ও তাঁদের সাত মাসের শিশুকন্যাকে নিয়ে হাওড়া আসছিলেন৷ তাঁরা হাওড়াতে ব্যবসায়িক কাজে আসছিলেন৷ তবে কলকাতা শহর বেড়ানোই তাঁদের লক্ষ্য ছিল৷ কামরূপ এক্সপ্রেসে কুমকুম দেবী ট্রেনটির বি ওয়ান কামরায় লোয়ার সিটে ছিলেন৷ আর তাঁর স্বামী ছিলেন বি টু কামরাতে৷ শিশু কন্যাটি তার মায়ের কাছেই ঘুমাচ্ছিল৷ তাঁদের দাবি, বুধবার ভোর চারটে সময়ে তাঁরা দেখতে পান, তাঁদের কন্যাসন্তান ট্রেন থেকে উধাও। এর পরে তাঁরা ১৩৯ -এ ফোন করে রেল পুলিশকে খবর দেয়। রেলের হেল্পলাইনে ফোন করা হয়৷ পাশাপাশি ধাত্রীগ্রামে টিকিট পরীক্ষককে জানানো হয় গোটা বিষয়টি৷ তারপর তড়িঘড়ি ব্যাণ্ডেল-কাটোয়া শাখার সমস্ত স্টেশনকে এল্যার্ট করা হয়৷

    অন্যদিকে, পূর্বস্থলী থানার পুলিশ খবর পায় লক্ষ্মীপুর রেল লাইনে একটি বাচ্চা পড়ে রয়েছে। পুলিশ গিয়ে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। এর পরেই কাটোয়া, কালনা, নবদ্বীপ এবং হাওড়া জিআরপির তৎপরতায় শিশুটির মা-বাবার সঙ্গে যোগাযোগ করে তাদের পূর্বস্থলী থানায় নিয়ে আসা হয়। সেখানেই তাঁরা নিজেদের সন্তানকে চিনতে পারেন।

    তবে শিশুটিকে কেউ চুরি করে সেখানে ফেলল, না শিশুটি ট্রেন থেকে পড়ে যায়, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। যদিও ট্রেন থেকে পড়ে যায় তা হলে কী ভাবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রইল শিশুটি? আবার কেউ যদি চুরি করে নিয়ে যায় তা হলে কেন রেল লাইনে ফেলবে শিশুটিকে? এরকম একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পূর্বস্থলী থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)