• বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, যাত্রীদের অবরোধ দত্তপুকুরে
    এই সময় | ২০ আগস্ট ২০২৬
  • Breaking: ট্রেন লাইনে পয়েন্টে সমস্যা। যার কারণে ট্রেন দাঁড়িয়ে পড়ায় বিক্ষোভ। বনগাঁ লাইনে ট্রেন অবরোধ। বিক্ষোভ চলছে দত্তপুকুরে। যদিও রেলের তরফে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। দত্তপুকুর ও বিড়া স্টেশনের মাঝে এই সমস্যা হয়েছে। অফিস ফেরত টাইমে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার জন্য চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। প্রায় দেড় থেকে দু’ঘণ্টা রেল পরিষেবা ব্যাহত বলে খবর।

    জানা গিয়েছে, ফিরতি পথে ব্যস্ত সময়ে শিয়ালদহ-বনগাঁ শাখায় সিগন্যালিং ব্যবস্থায় গন্ডগোলের জেরে ব্যাহত হল ট্রেন চলাচল। দত্তপুকুর ও বিড়া স্টেশনের মাঝামাঝি এলাকায় সিগন্যালের পয়েন্টে সমস্যা দেখা দেওয়ায় লোকাল ট্রেন থমকে যায় বলে যাত্রীদের তরফে জানা গিয়েছে। এর জেরে প্রায় আধঘণ্টা দেরিতে ট্রেন চলাচল করছে বলে অভিযোগ যাত্রীদের। বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার ব্যস্ত সময়ে এই বিভ্রাটে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

    শিয়ালদহ-বনগাঁ শাখার লোকাল ট্রেনগুলিতে এই সময়ে এমনিতেই ব্যাপক ভিড় থাকে। তার উপর ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের ভোগান্তি আরও বাড়ে। বিভিন্ন স্টেশনেও যাত্রীদের ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে রেলের তরফে দ্রুত ম্যানুয়াল পদ্ধতিতে সিগন্যালিং করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়। কিছুক্ষণ পর ট্রেন চলাচল শুরু হলেও একাধিক লোকাল এখনও কিছুটা দেরিতে চলছে বলে জানা গিয়েছে। রেলের কর্মীরা দ্রুত সিগন্যালিং ব্যবস্থার সমস্যা মেরামত করে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। ব্যস্ত সময়ে এই সাময়িক বিভ্রাটের জেরে চরম হয়রানির শিকার হন শিয়ালদহ-বনগাঁ শাখার নিত্যযাত্রীরা।

  • Link to this news (এই সময়)