• রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ১,২১৮টি শূন্যপদে সিলমোহর মন্ত্রিসভার, শিল্পতালুকে কয়েক হাজার কর্মসংস্থানের সম্ভাবনা
    এই সময় | ২০ আগস্ট ২০২৬
  • শিল্পে জমি বণ্টন থেকে শুরু করে পুলিশি পরিকাঠামো, মাদক ও সন্ত্রাস দমন, নারী নির্যাতন এবং দুর্নীতি মোকাবিলায় একাধিক নতুন পদ তৈরির প্রস্তাবে অনুমোদন দিল মন্ত্রিসভা। বুধবার নবান্নের এই সিদ্ধান্তে বিপুল কর্মসংস্থান হতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের একাংশের।

    ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের আইন বিভাগের অধীনে ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস ক্যাডারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ৬টি ল অফিসারের পদ তৈরি করা হচ্ছে। এর মধ্যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে RoPA ’19 অনুযায়ী পে স্কেল ১৬-এ একটি ল অফিসার এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনেও একই স্কেলে একটি পদ তৈরি করা হবে।

    পুলিশি পরিকাঠামো ঢেলে সাজাতেও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মাদক পাচার ও এই সংক্রান্ত অপরাধের মোকাবিলায় ANTF গঠনের পাশাপাশি সন্ত্রাস দমনে অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড বা ATS গঠনেরও সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি ও আইজিপির তত্ত্বাবধানে কাজ করবে এই বিশেষ বাহিনী। ATS-এর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৬৬টি পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৬১টি নিয়মিত এবং পাঁচটি চুক্তিভিত্তিক সফটওয়্যার ডেভেলপার পদ রয়েছে।

    ANTF ও ATS—এই দুই বিশেষ বাহিনী গঠনের ফলে পুলিশি পরিকাঠামোয় মোট ১,০৫৭টি নতুন পদ তৈরি হবে। এর মধ্যে ANTF-এর জন্য ৫৯১টি এবং ATS-এর জন্য ৪৬৬টি পদ থাকবে।

    নারী নির্যাতন সংক্রান্ত প্রস্তাবিত ‘West Bengal State Commission on Atrocities Against Women’-এর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৬৮টি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। একই সঙ্গে ‘Commission on Institutional Corruption in West Bengal’-এর জন্যও ৫৭টি নতুন পদ তৈরি করা হবে।

    চলতি বছরের জুলাইয়ে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল বারুইপুর। এক যুবককে পিটিয়ে মেরেছিল উত্তেজিত জনতা। সেই সময়েই এলাকায় ফাঁড়ি তৈরির দাবি জানিয়েছিলেন নাবালিকার পরিবারের সদস্যরা। সেই মতো এ দিন সূর্যপুরে নতুন ফাঁড়ি তৈরির অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এর জন্য পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে ১৯টি পদও তৈরি করা হবে।

    কলকাতা হাইকোর্টের কার পুলের জন্য ১০টি নতুন ড্রাইভার পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে এদিন। পাশাপাশি পদকজয়ী ক্রীড়াবিদ পূজা দাসকে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে একটি কনস্টেবল পদ তৈরিরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

    পালাবদলের পরেই রাজ্যে নতুন শিল্প আনার জন্য কোমর বাঁধতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই লক্ষ্যেই এদিন বিপুল জমি বরাদ্দ করেছে মন্ত্রিসভা। WBIDCL-এর ৮টি শিল্প পার্কে ২৪টি শিল্প ইউনিটকে মোট ৪৬৩.১৪ একর এবং অতিরিক্ত ৬,৩৯৭.২৩ বর্গফুট জমি লিজে দেওয়ার অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। এই জমিতে সংশ্লিষ্ট শিল্প সংস্থাগুলি নিজেদের ইউনিট গড়ে তুলবে। সরকারি হিসাব অনুযায়ী, এর ফলে প্রায় ৬২,৭১২ জনের কর্মসংস্থান হতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের একাংশের।

    সব মিলিয়ে, ক্যাবিনেটের সিদ্ধান্তে প্রায় ১,২১৮টি নতুন পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ANTF ও ATS-এর মতো বিশেষ বাহিনীর জন্যই তৈরি হবে ১,০৫৭টি পদ। পাশাপাশি শিল্পে ৬৮ হাজারেরও বেশি কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হয়েছে। ফলে পুলিশি পরিকাঠামো শক্তিশালী করার পাশাপাশি শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে এদিনের ক্যাবিনেট বৈঠকে।

    প্রশ্ন: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মোট কতগুলি নতুন পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে?

    উত্তর: মোট ১,২১৮টি নতুন পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।

    প্রশ্ন: ANTF কী?

    উত্তর: ANTF-এর পুরো নাম Anti-Narcotics Task Force। মাদক পাচার ও মাদক সংক্রান্ত অপরাধ মোকাবিলার জন্য এই বিশেষ বাহিনী গঠন করা হবে।

    প্রশ্ন: ANTF-এর জন্য কতগুলি পদ তৈরি হবে?

    উত্তর: ANTF-এর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ৫৯১টি পদ তৈরি হবে। পাশাপাশি দুর্গাপুর, মালদহ, খড়গপুর ও নদিয়ায় চারটি ANTF থানা তৈরি হবে।

    প্রশ্ন: ATS-এর জন্য কতগুলি পদ তৈরি হবে?

    উত্তর: ATS-এর জন্য মোট ৪৬৬টি পদ তৈরি হবে। এর মধ্যে ৪৬১টি নিয়মিত এবং পাঁচটি চুক্তিভিত্তিক সফটওয়্যার ডেভেলপার পদ।

    প্রশ্ন: ANTF ও ATS মিলিয়ে কতগুলি পদ তৈরি হচ্ছে?

    উত্তর: দুই বিশেষ বাহিনী মিলিয়ে মোট ১,০৫৭টি পদ তৈরি হবে।

    প্রশ্ন: শিল্পের জন্য কত জমি লিজে দেওয়া হচ্ছে?

    উত্তর: WBIDCL-এর আটটি শিল্প পার্কের ২৪টি শিল্প ইউনিটকে ৪৬৩.১৪ একর এবং অতিরিক্ত ৬,৩৯৭.২৩ বর্গফুট জমি লিজে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

    প্রশ্ন: শিল্প জমি বণ্টনের ফলে কত কর্মসংস্থান হতে পারে?

    উত্তর: WBIDCL-এর জমি বণ্টনের মাধ্যমে ৬২,৭১২ জনের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। WBIIDC-এর আরও ৯টি শিল্প ইউনিটে জমি বণ্টনের ফলে ৫,৮৭২ জনের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, দুই ক্ষেত্র মিলিয়ে সম্ভাব্য কর্মসংস্থান ৬৮,৫৮৪ জন।

    প্রশ্ন: হাইকোর্টের জন্য কী সিদ্ধান্ত হয়েছে?

    উত্তর: কলকাতা হাইকোর্টের কার পুলের জন্য ১০টি নতুন ড্রাইভার পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।

    প্রশ্ন: ক্রীড়াবিদ পূজা দাসকে নিয়ে কী সিদ্ধান্ত হয়েছে?

    উত্তর: পদকজয়ী ক্রীড়াবিদ পূজা দাসকে বিশেষ ব্যবস্থায় নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে একটি কনস্টেবল পদ তৈরির সিদ্ধান্ত হয়েছে।

    প্রশ্ন: সূর্যপুরে কী তৈরি হবে?

    উত্তর: বারুইপুর পুলিশ জেলার বারুইপুর থানার অধীনে সূর্যপুরে একটি নতুন পুলিশ ফাঁড়ি তৈরি হবে। এর জন্য ১৯টি নিয়মিত পদও তৈরি করা হবে।

    প্রশ্ন: নারী নির্যাতন সংক্রান্ত কমিশনের জন্য কত পদ তৈরি হবে?

    উত্তর: প্রস্তাবিত ‘West Bengal State Commission on Atrocities Against Women’-এর জন্য ৬৮টি পদ তৈরি হবে।

    প্রশ্ন: দুর্নীতি সংক্রান্ত কমিশনের জন্য কত পদ তৈরি হবে?

    উত্তর: ‘Commission on Institutional Corruption in West Bengal’-এর জন্য ৫৭টি পদ তৈরি হবে।

  • Link to this news (এই সময়)