• সেবকে ভয়াবহ ধসে বন্ধ ৩১ নম্বর জাতীয় সড়ক, দুর্ভোগে ডুয়ার্স-লাভাগামী পর্যটকরা
    দৈনিক স্টেটসম্যান | ২০ আগস্ট ২০২৬
  • পাহাড়ে টানা বৃষ্টি ও ভঙ্গুর মাটির জেরে সেবক করোনেশান ব্রিজের নিকটবর্তী মংপং এলাকায় নেমে এল বিপর্যয়। বুধবার সকালে সেবক কালীবাড়ির কাছে পাহাড়ের ওপর থেকে আচমকাই বিশাল আকার পাথর ও বোল্ডার আছড়ে পড়ে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। রাস্তার দুই ধারে আটকে পড়ে কয়েক কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক এবং অসংখ্য পর্যটকদের গাড়ি।

    ডুয়ার্স, লাভা, লোলেগাঁওয়ের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে যাওয়ার মূল পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পর্যটকেরা। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে ভারী জেসিবি ও বিপর্যয় মোকাবিলা সরঞ্জাম।

    পরিস্থিতি নিয়ে দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর পানিকের জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষা বজায় রাখতে ও দীর্ঘ যানজট এড়াতে ৩১ নম্বর জাতীয় সড়কে আপাতত সাময়িকভাবে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। তবে যাতায়াত চালু রাখতে বিকল্প রুট হিসেবে গরুবাথান ও মালবাজার হয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দূরপাল্লার যানবাহনের জন্য ৭১৭ নম্বর জাতীয় সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, পুলিশ ও এনএইচএআই যৌথভাবে দ্রুত রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছে।

    অন্যদিকে, এই পরিস্থিতিতে পর্যটকদের ভোগান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট স্যানাল। তিনি জানান, ১০ নম্বর জাতীয় সড়ক খোলা থাকায় সিকিম ও মূল কালিম্পং শহরের যোগাযোগ ব্যবস্থা সচল রয়েছে, যা কিছুটা স্বস্তির। তবে আসল সমস্যা হচ্ছে ডুয়ার্স, লাভা, রিষপ ও লোলেগাঁওগামী পর্যটকদের নিয়ে। সরাসরি পথ বন্ধ থাকায় তাঁদের অনেকটা ঘুরে যেতে হচ্ছে। এর ফলে যাতায়াতের সময় এবং খরচ দুই-ই অনেকটাই বেড়ে যাচ্ছে।

    প্রশাসন সূত্রের খবর, নতুন করে পাহাড়ি ধস না নামলে এবং আবহাওয়া সঙ্গ দিলে দ্রুত ধস সরিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে পুনরায় যান চলাচল শুরু করা সম্ভব হবে। ততক্ষণ পর্যন্ত চালক ও পর্যটকদের প্রশাসনিক নির্দেশ মেনে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)