বিশাখাপত্তনমে বুধবার থেকে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তিনদিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক। সংঘের এমন সর্বভারতীয় বৈঠকে এই প্রথমবার অংশ নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আরএসএস প্রধান তথা সংঘ চালক মোহন ভাগবত, সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবালে, বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ-সহ সংঘের শীর্ষ নেতৃত্ব এবং সংঘের মতাদর্শে চলা ৩২টি সংগঠনের পদাধিকারীরা বৈঠকে উপস্থিত রয়েছেন।
নীতিনের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির সভাপতি হওয়ার পর সংঘের শীর্ষ নেতৃত্ব ও সহযোগী সংগঠনগুলির সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে তাঁর ভূমিকা কী হবে, বৈঠকে তার দিকনির্দেশ মিলতে পারে। দেশের বর্তমান পরিস্থিতির পাশাপাশি সংগঠনগুলির মধ্যে সমন্বয় আরও মজবুত করার কৌশল নিয়েও আলোচনা হওয়ার কথা।
বৈঠকের আলোচনায় রাজনীতির পাশাপাশি সামাজিক বিষয়ও গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক যুব আন্দোলন, তরুণ প্রজন্মের মধ্যে মাদকের বাড়তে থাকা প্রভাব, জনসংখ্যার ভারসাম্যহীনতা এবং জনসাংখ্যিক পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দেশের উন্নয়নের মডেল নিয়েও সঙ্ঘের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে। শুধু অর্থনৈতিক বৃদ্ধি নয়, পরিবেশ ও সমাজের ভারসাম্য বজায় রেখে উন্নয়নের উপর জোর দেওয়ার কথা। এছাড়াও আগামী বছর থেকে সংঘের সাংগঠনিক কাঠামোয় যে বড় পরিবর্তন আসছে, তা নিয়েও আলোচনা হবে। প্রদেশের পরিবর্তে ‘সম্ভাগ’-ভিত্তিক ব্যবস্থায় কাজের রূপরেখা কী হবে, তিন দিনের বৈঠকে তারও চূড়ান্ত পরিকল্পনা তৈরি হতে পারে।