• পুকুরে অন্নপূর্ণার ফর্ম! টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন মহিলারা
    প্রতিদিন | ২০ আগস্ট ২০২৬
  • ভেরিফিকেশনের পর গত ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে টাকা। কিন্তু বুধবার পর্যন্ত টাকা ঢোকেনি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ধামুয়া পঞ্চায়েতের মহিলাদের অ্যাকাউন্টে। এর প্রতিবাদে এদিন মগরাহাট ২ নম্বর ব্লকের ধামুয়া দক্ষিণ পঞ্চায়েতে তালা লাগিয়ে দেন মহিলারা। রাত পর্যন্ত পঞ্চায়েত দপ্তরে আটকে রাখা হয় কর্মীদের।

    বিক্ষোভকারীরা জানান, অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম যথাযথভাবে পূরণ করেছিলেন তাঁরা। কিন্তু তা সত্ত্বেও এখনও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত তাঁরা। অভিযোগ, ফর্ম পূরণ করে পঞ্চায়েতে জমা দিয়েছিলেন মহিলারা। কিন্তু সেই ফর্মের তথ্য অনলাইনে আপলোড না করে পুকুরে ফেলে দেওয়া হয়। ফলে যোগ্য হওয়া সত্ত্বেও এলাকার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকেনি।

    প্রশাসন জানিয়েছে, যোগ্যরা প্রত্যেকেই এই প্রকল্পের আওতায় আসবেন। কেউ বাদ যাবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকার বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দেয় প্রশাসন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছবে। সেজন্য ৩-৪ দিন সময় লাগতে পারে। কিন্তু ধৈর্য্য না ধরেই এদিন সোজা পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ দেখান মহিলারা। পঞ্চায়েত কর্মীদের আটকে রেখে তালা ঝুলিয়ে দেওয়া হয় অফিসে। অন্যদিকে, এদিনই কুলপিতে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকার আনন্দে মহিলারা মিছিল করেন। মিছিল থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানানো হয়।

    উল্লেখ্য, ইতিমধ্যেই খুলে গিয়েছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল। বুধবার থেকে অনলাইনেই দেখা যাচ্ছে আবেদন ঠিক কোন অবস্থায় রয়েছে। সরকারি ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/ গেলেই দেখা যাচ্ছে আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে। আবেদন বাতিল হলে ফের আবেদনের সুযোগ থাকছে। অথবা অযোগ্য কেউ অনুদান পেলে সেই অভিযোগও জানানো যাবে। তবে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে।
  • Link to this news (প্রতিদিন)