একাধিকবার রিলিজ পিছনোর পর শেষমেশ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখেছে জিতের বহু প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। যে ছবিতে নয় ছদ্মবেশে ‘বহুরূপে’ দর্শককুলকে সম্মোহিত করেছেন টলিউডের ‘বস’। ইতিমধ্যেই ১ কোটির গণ্ডি ছুঁয়ে বিজয়রথ ছুটিয়েছে ‘বিপ্লবী অনন্ত সিং’। যা কিনা বাংলার বক্স অফিস মার্কশিটের নিরিখে দুরন্ত। তবে দর্শকমহলের প্রশংসার পাশাপাশি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সঙ্গী হয়েছে কটাক্ষ-সমালোচনাও। নেটভুবনের একাংশ এই সিনেমাকে ‘হিন্দুত্ববাদী’ বলে তোপ দেগেছেন। এমন আবহেই জিৎকে ‘দাদা’ সম্বোধন করে এই সিনেমার পাশে দাঁড়িয়েছেন জীতু কমল। ‘কেউ বলে বিপ্লবী…’ ছবিটি নিয়ে কেন ‘মৌন’ টলিউড? প্রশ্ন তুলেছেন অভিনেতা।
মঙ্গলবার সোশাল পাড়ায় আচমকাই এক পোস্ট ভাইরাল হয়। যেখানে উল্লেখ, “অনন্ত সিংয়ের আত্মজীবনী ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নামে একটি বাংলা সিনেমা রিলিজ হয়েছে। যথারীতি, সেই সিনেমার সঙ্গে মূলগ্রন্থের মিল সামান্যই। চট্টগ্রামের বিপ্লবী দলের অসাম্প্রদায়িক চরিত্র, বিপ্লবীদের মধ্যে বামপন্থী প্রভাব এসব ছেঁটে, অনন্ত সিংকে হিন্দুত্ববাদী হিসেবে তুলে ধরার প্রবল চেষ্টা হয়েছে, যা তিনি কখনওই ছিলেন না।” এহেন পোস্ট শেয়ার করে পালটা যুক্তি দর্শিয়েছেন পথিকৃৎ বসু পরিচালিত সিনেমার অন্যতম লেখক অর্পণ গুপ্ত। সিনেমার সংলাপ ধরে-ধরে তিনি বুঝিয়ে দিয়েছেন পর্দায় অনন্ত সিংকে কোথাও রাজনৈতিক মতাদর্শ ভ্রষ্ট বিপ্লবী হিসেবে দেখানো হয়নি। এমন আবহে টলিউডের সেলেব পাড়া কেন এই সিনেমা নিয়ে চুপ? প্রশ্ন তুলেছেন জীতু কমল।
সদ্য মাকে নিয়ে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ দেখতে গিয়েছিলেন জীতু। তিনি জানান, এই প্রথমবার কোনও সিনেমা দেখে তাঁর মা হাততালি দিয়েছেন। সিনেমার এক বিশেষ দৃশ্যে ‘মানুষের রং পালটে যায়, রূপ পালটে যেতে পারে, কিন্তু আদর্শ পালটায় না’ - এই সংলাপটিরও ভূয়সী প্রশংসা করেন জীতু কমল। এরপরই জিতের সিনেমা নিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ‘মৌন’ তারকাদের নিশানা করেন তিনি। জীতুর কথায়, “ইন্ডাস্ট্রির তাবড় নেতা-অভিনেতাদের কাউকে ঠিক বলতে শুনলাম না ছবিটা নিয়ে। তাঁরা নিজেদের ছবি, নিজেদের ইচ্ছাপ্রণোদিত ব্যস্ততায় ব্যস্ত থাকেন। নিজেরাই জাতীয় পুরস্কার পান, নিজেরাই নিজেদেরকে পুরস্কার, জাতীয় পুরস্কার দেন। আর যা যা আছে দিয়ে থাকেন। সে ভালো, কিছু নিয়ে তো একটা ব্যস্ত আছেন, নয়তো হতাশায় তো আর বেশি দিন বাঁচা যায় না। তবে এই ধরনের ছবি আশা করি জাতীয় পুরস্কারের অনেক ঊর্ধ্বে নিয়ে যায় মানুষকে।” যদিও হিন্দুত্ববাদী তোপ নিয়ে কতিপয় বাক্যব্যয় করেননি অভিনেতা, তবে যাবতীয় সমালোচনা, কুৎসাকে পিছনে ফেলে সুপারস্টার জিৎ যেভাবে নিজের কাজ ও আধ্যাত্মিক সততা বজায় রেখে এগিয়ে চলেছেন, সেকথা উল্লেখ করে জীতুর মন্তব্য, “যদি সৎভাবে কাজ করে অপেক্ষা করা যায়, ধৈর্য্য রাখা যায়, তাহলে সাফল্য আসে। পিছনে কুৎসা করার প্রচুর অমানুষ থাকলেও সাফল্য আসবেই। ক্রান্তি আসবেইইই।” এর আগে জিতের ‘মানুষ’ ছবিতে খলচরিত্রে তাক লাগিয়েছিলেন জীতু কমল। এবার টলিউড সুপারস্টারের নতুন ছবি নিয়ে যে মন্তব্য করলেন, তা নিয়ে ইতিমধ্যেই সরগরম সিনেমহল!