• মুম্বই থেকে বাংলাদেশ পাড়ি 'লাপাতা লেডিজ'-এর লেখক বিপ্লব গোস্বামীর! অংশুর সঙ্গে হাত মিলিয়ে কোন গল্প বলবেন 'লিম্বো'-এ?
    আজকাল | ১৯ আগস্ট ২০২৬
  • মুম্বই থেকে সোজা বাংলাদেশ পাড়ি দিলেন বিপ্লব গোস্বামী। কাজ করছেন ঢালিউডের একটি ছবিতে। জানা গিয়েছে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী পরিচালক তানিম রহমান অংশু পরিচালিত 'লিম্বো' ছবিটিতে চিত্রনাট্যকার হিসেবে থাকবেন বিপ্লব। কিন্তু কিন্তু কী নিয়ে এই ছবির গল্প?

    এদিন 'লিম্বো' প্রসঙ্গে আজকাল ডট ইনকে বিপ্লব গোস্বামী বলেন, "বাংলাদেশের একটা বিগ বাজেট, বড় ক্যানভাসের ফিল্ম হতে চলেছে এটি। খুব সম্ভবত বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন ছবি এটি। পরিচালক হচ্ছেন তানিম রহমান অংশু। লেখক আমি। কাস্টিং খুব বড়সড় হচ্ছে।"

    বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এই ছবিতে থাকবেন কিনা জানতে চাওয়া হলে বিপ্লব গোস্বামী বলেন, "না, শাকিব থাকবেন না। তবে, আশা করছি যে ভাল কাস্টিং হবে। কারা কারা অভিনয়ে থাকবেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। চেষ্টা করা হচ্ছে সেরা অভিনেতাদের নেওয়ার। কাস্টিং এখনও হয়নি। সময় নিচ্ছেন পরিচালক।"

    বিপ্লব এদিন এও জানান 'লিম্বো' ছবিটি সায়েন্স ফিকশন হলেও, রোমান্টিক দিকও থাকবে। ফিকশনের ব্যাকড্রপে প্রেমের গল্প দেখানো হবে। জানা গিয়েছে লিম্বো ছবিটি আদতে কসমিক রোম্যান্স এবং স্পেস ড্রামার গল্পকে কেন্দ্র করে এগোবে। ইতিমধ্যেই ছবির ফার্স্ট লুক পোস্টার মুক্তি পেয়েছে।

    এদিন বিপ্লব গোস্বামী যে তাঁর ছবির টিমে যুক্ত হয়েছেন, সেটা তানিম নিজেই সমাজমাধ্যমে ঘোষণা করেন। লেখেন, 'গল্পই যদি না জমে তবে সিনেমার আলো ঝলমল কিংবা মিউজিকের সুর—সবই কেমন যেন ফিকে লাগে। সেটা ওটিটি হোক, নাটক কিংবা মিউজিক ভিডিও! ‘ন ডরাই’ বানানোর সময়েও কিন্তু মূল ভাবনাটাই ছিল একটি নিখুঁত গল্প তৈরি করা। আর সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল শ্যামল সেনগুপ্ত-এর কাছে। যাঁর কলম থেকে আমরা ‘বুনো হাঁস’, ‘লস্ট’, ‘অন্তহীন’ কিংবা ‘অপরাজিতা তুমি’র মতো সব গল্প পেয়েছি। এবার আমার নতুন জার্নি ‘লিম্বো’। আর এর ক্যানভাস আরও বড় করতে আমার সাথে আছেন সাড়া জাগানো ফিল্ম ‘লাপাতা লেডিজ’-এর মাস্টারমাইন্ড, লেখক বিপ্লব গোস্বামী!' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল)

    'লিম্বো' ছবিটিতে ভরপুর ভিজ্যুয়াল এফেক্টস থাকবে। তিনটি দেশে শুটিং হবে এই ছবির। তবে আনুষ্ঠানিক ভাবে বড়পর্দায় মুক্তির আগে বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে 'লিম্বো' -কে পাঠাতে চান পরিচালক। ২০২৭ সালে মুক্তি পেতে পারে ছবিটি।
  • Link to this news (আজকাল)