• সুজয় প্রসাদ চ্যাটার্জির কারণে শহরজুড়ে বাড়বে 'কপি ক্যাট'দের দাপট! কবে, ব্যাপারটা কী?
    আজকাল | ১৯ আগস্ট ২০২৬
  • সুজয় প্রসাদ চ্যাটার্জি এবার এক অভিনব কাণ্ড ঘটাতে চলেছেন শহরে। তাঁর কারণেই আগামী মাসে কল্লোলিনী তিলোত্তমায় বাড়বে 'কপি ক্যাট'দের দাপট! কিন্তু ব্যাপারটা কী? কী ঘটাতে চলেছেন তিনি?

    আসলে 'কপি ক্যাট' বিষয়টিকে সুজয় প্রসাদ চ্যাটার্জির মস্তিষ্কজাত সন্তান বলা চলে। এটি আদতে হাউজ ৫৪ -এর উদ্যোগে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা একটি কনসার্ট। কিন্তু 'কপি ক্যাট' নাম কেন? একাধিক এমন বাংলা বা হিন্দি গান আছে, যা আদতে পশ্চিমী কোনও গানের অনুকরণে বানানো হয়েছে। আর এই দলে রয়েছে একাধিক রবীন্দ্র সঙ্গীতও।

    ভারতীয় সঙ্গীত অনেক সময়ই পশ্চিমী সঙ্গীত থেকে ধার নিয়েছে, গোটা গঠন এক রেখে কখনও কথা বলেছে, কখনই সুরে টুইস্ট এনেছে, বাকিটা থেকে গিয়েছে একই। এই 'কপি ক্যাট' অনুষ্ঠানে সেই সমস্ত পশ্চিমী গানের অনুকরণে তৈরি ভারতীয় গান গাওয়া হবে। বলাই বাহুল্য, পশ্চিমী গানের অনুকরণে যতই বানানো হোক না কেন এই ভারতীয় গানগুলো, এগুলোও কিন্তু দারুণ জনপ্রিয়। সমাদর পেয়েছে শ্রোতাদের থেকে। তালিকায় কী কী গান থাকবে? 'কতবার ভেবেছিনু' -এর মতো রবীন্দ্র সঙ্গীত থেকে নচিকেতার গাওয়া 'রাজশ্রী তোমার জন্য', বলিউডের 'মেরে রং ম্যায়', ইত্যাদির মতো গান।

    'কপি ক্যাট' হয়ে এদিন মঞ্চ মাতাবেন কারা? সুজয় প্রসাদ চ্যাটার্জি তো থাকবেনই। তাঁর সঙ্গে সঞ্চালনা করবেন, থুড়ি, গানের গল্প শোনাবেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। সমদীপ বুচা সেনগুপ্ত এবং তাঁর দল 'দ্য আর্বান মঙ্কজ', জোজো মুখার্জি, উজ্জয়িনী মুখার্জি, রাজসী ভট্টাচার্য, প্রমুখ পারফর্ম করবেন।

    কোথায়, কবে 'কপি ক্যাট'দের দেখা মিলবে? শিক্ষক দিবসের দিনই দাপট দেখা যাবে তাঁদের। আহা, অনুকরণ বা ধার নেওয়াও তো একরকম ছাত্রদের কাজ! তাই না? ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে জ্ঞান মঞ্চে বসবে 'কপি ক্যাট'দের আসর।
  • Link to this news (আজকাল)