কোরামই হলো না, ইতিহাসে প্রথমবার থমকাল টাটা সন্সের AGM
এই সময় | ১৯ আগস্ট ২০২৬
টাটা গোষ্ঠীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। প্রয়োজনীয় সংখ্যক সদস্য উপস্থিত না থাকায় মঙ্গলবার (১৮ অগস্ট) টাটা সন্সের ১০৮তম বার্ষিক সাধারণ সভা (AGM) মাঝপথেই মুলতুবি করতে হলো। PTI-র রিপোর্টে আধিকারিকদের উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে। Moneycontrol জানিয়েছে, সংস্থার বার্ষিক সাধারণ সভায় এমন ঘটনা এই প্রথমবার ঘটল।
কী কারণে থামল AGM?
বার্ষিক সাধারণ সভা বা Annual General Meeting হল সংস্থার শেয়ারহোল্ডারদের বার্ষিক বৈঠক। এই বৈঠকে সংস্থার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই বৈঠক বৈধ ভাবে শুরু বা চালিয়ে যেতে নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতি প্রয়োজন। এই ন্যূনতম উপস্থিতিকেই বলা হয় ‘কোরাম’ (Quorum)।
মঙ্গলবার সেই কোরাম পূরণ হয়নি। PTI-র তথ্য অনুযায়ী, টাটা সন্সের দুই গুরুত্বপূর্ণ শেয়ারহোল্ডার— স্যর দোরাবজি টাটা ট্রাস্ট (SDTT) এবং স্যর রতন টাটা ট্রাস্ট (SRTT)-এর যৌথ প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন না। অথচ এই দুই ট্রাস্টের যৌথ প্রতিনিধির উপস্থিতি কোরাম পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাটা সন্সের Articles of Association-এও এই শর্তের উল্লেখ রয়েছে।
৩০ মিনিট চলার পরেই মুলতুবি
Moneycontrol-এর রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টো ৩০ মিনিটে নির্ধারিত সময়েই বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় কোরাম না থাকায় বিকেল ৩টের সময় বৈঠক মুলতুবি করে দেওয়া হয়।
টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এবং ডিরেক্টর অনিতা জর্জ মুম্বইয়ের দক্ষিণ মুম্বইয়ে অবস্থিত সংস্থার সদর দপ্তর বম্বে হাউসে উপস্থিত ছিলেন। অন্য দিকে, PTI-র রিপোর্ট অনুযায়ী, Tata Trusts-এর চেয়ারম্যান নোয়েল টাটা এবং ভেনু শ্রীনিবাসন ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন।
প্রাক্তন টাটা গোষ্ঠীর আধিকারিক মেহলি মিস্ত্রিও ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি প্রয়াত টাটা সন্স চেয়ারম্যান রতন টাটার উইলের এগজ়িকিউটর, অর্থাৎ উইলে নির্ধারিত বিষয়গুলি কার্যকর করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে বৈঠকে যোগ দেন।
কেন Tata Trusts-এর ভূমিকা এত গুরুত্বপূর্ণ?
টাটা ট্রাস্টস হলো টাটা গোষ্ঠীর অন্যতম প্রধান মালিকানা কাঠামো। টাটা সন্সের FY25 Annual Report অনুযায়ী, স্যর দোরাবজি টাটা ট্রাস্ট-এর হাতে ২৭.৯৮% এবং স্যর রতন টাটা ট্রাস্ট-এর হাতে ২৩.৫৬% শেয়ার রয়েছে। এ ছাড়া অন্যান্য টাটা ট্রাস্টও টাটা সন্সের শেয়ার ধরে রেখেছে।
তাই দুই গুরুত্বপূর্ণ ট্রাস্টের প্রতিনিধিত্ব ছাড়া AGM-এর কোরাম পূরণ না হওয়া টাটা সন্সের মতো সংস্থার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।
চন্দ্রশেখরণের ভবিষ্যৎ নিয়েও নজর
এই AGM-টি আরও গুরুত্বপূর্ণ ছিল কারণ এর ঠিক এক সপ্তাহ আগে এন চন্দ্রশেখরণ ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারিতে বর্তমান মেয়াদ শেষ হওয়ার পরে তিনি আর চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ চাইবেন না। ফলে টাটা সন্সের পরবর্তী নেতৃত্ব নিয়েও এখন জোর আলোচনা চলছে। Reuters-এর রিপোর্ট অনুযায়ী, Tata Trusts ইতিমধ্যেই নতুন চেয়ারম্যান বেছে নেওয়ার জন্য একটি সিলেকশন কমিটি গঠন করেছে।
নেতৃত্বে পরিবর্তনের গুরুত্বপূর্ণ সময়েই টাটা সন্সের AGM কোরামের অভাবে মুলতুবি হওয়ায় সংস্থার কর্পোরেট গভর্ন্যান্স এবং পরবর্তী নেতৃত্বের দিকেও নজর আরও বেড়েছে।