একটা সময়ে নিজের প্রভাব-প্রতিপত্তি বোঝাতে চালু লব্জ ছিল ‘আমার বাবা কে জানেন?’ এখন সেটা বদলে গিয়েছে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কথায়, ‘তার জায়গা নিয়েছে, আমরা কিন্তু জেন জ়ি।’ এর নেপথ্যে যন্তর মন্তরে ছাত্রছাত্রীদের আন্দোলন। কিন্তু এই নয়া লব্জ ধীরে ধীরে হুমকির দিকে যাচ্ছে মনে করেন তিনি। ফলে দ্রুত ধারও হারাবে। অন্য দিকে, জেন জ়ি-র সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে মোদী সরকার ‘ওয়ান ডে, ওয়ান ইউনিভার্সিটি’ নামে একটি নতুন কর্মসূচি চালুর পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত কার্গিলে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক পর্যটকের বচসার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিনিমার্গ-জোজিলা-সোনমার্গ সড়কে যাতায়াত বন্ধ করে দিয়েছিল। ভ্রমণে জারি হয়েছিল বিধিনিষেধ। ফলে দ্রাসের মিনিমার্গ চেকপোস্টের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি। তাতেই অধৈর্য হয়ে পড়েন ওই মহিলা।
ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েক জন পর্যটক জড়ো হন। সেই সময়ই নিরাপত্তাকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই মহিলা। প্রশ্ন তোলেন, ‘এক মন্ত্রীও চলে গেলেন দেখলাম। সাধারণ পর্যটকদের কেন আটকে রাখা হচ্ছে?’ জানা গিয়েছে, ভিডিয়োটি ২৬ জুলাই কার্গিল বিজয় দিবসের সময়ে তোলা। নিরাপত্তার কারণে ওই রাস্তাটি সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল।
নিরাপত্তাকর্মী জানান, নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। মহিলা আরও রেগে যান। সোজাসুজি বলে দেন, ‘আমরা জেন জি। এই সব মানব না।’ আশপাশের লোকজনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা এর প্রতিবাদ করবেন না?’ মহিলার অভিযোগ, তাঁরা পাঁচ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন, অথচ তাঁদের ছাড়া হচ্ছে না।
এই ভিডিয়ো দেখে হতাশ ওমর। তিনি বলছেন, ‘আমার বাবা কে আর কেউ বলছে না। এখন সবাই বলছে, উই আর জেন জ়ি।’ এতেই অশনি সংকেত দেখছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘সামান্য অপমান কিংবা অসুবিধা হলেই যদি কেউ হুমকির সুরে এই কথা বলে, তা হলে জেন জ়ি-কে ঘিরে তৈরি হওয়া যাবতীয় সদিচ্ছা দ্রুত নষ্ট হয়ে যাবে।’
জেন জ়ি-র সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে মোদী সরকার ‘ওয়ান ডে, ওয়ান ইউনিভার্সিটি’ নামে একটি নতুন কর্মসূচি চালুর পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। এতে প্রতিদিন একজন করে কেন্দ্রীয় মন্ত্রী দেশের একটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলবেন। তাঁদের সমস্যার কথা শুনবেন, দেশ গঠনের বিভিন্ন বিষয়ে তরুণ প্রজন্মের মতামত জানবেন। একই সঙ্গে মন্ত্রীরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও সুযোগ-সুবিধার কথাও তুলে ধরবেন।
প্রশ্ন: ‘আমরা জেন জ়ি’ মন্তব্যটি কোথা থেকে এল?
উত্তর: কার্গিলের মিনিমার্গ চেকপোস্টে এক মহিলা পর্যটক নিরাপত্তাকর্মীদের সঙ্গে বচসার সময় নিজেকে জেন জ়ি হিসেবে উল্লেখ করে ওই মন্তব্য করেন। ভিডিয়োটি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
প্রশ্ন: ওমর আবদুল্লা কেন ‘আমরা জেন জ়ি’ মন্তব্যের সমালোচনা করেছেন?
উত্তর: তাঁর বক্তব্য, কোনও সামান্য অসুবিধা বা অপমানের ঘটনায় জেন জ়ি পরিচয়কে হুমকির সুরে ব্যবহার করা হলে এই প্রজন্মের প্রতি মানুষের ইতিবাচক ধারণা নষ্ট হতে পারে।
প্রশ্ন: ‘আমার বাবা কে জানেন?’-এর সঙ্গে ‘আমরা জেন জ়ি’-র তুলনা কেন?
উত্তর: ওমরের বক্তব্য অনুযায়ী, এক সময়ে প্রভাব বা ক্ষমতা দেখাতে ‘আমার বাবা কে জানেন?’ বলা হত। তাঁর মতে, এখন সেই জায়গায় কিছু ক্ষেত্রে ‘আমরা জেন জ়ি’ ধরনের পরিচয় ব্যবহার করা হচ্ছে।
প্রশ্ন: ‘One Day, One University’ কী?
উত্তর: এটি কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত একটি দেশব্যাপী কর্মসূচি। এর আওতায় প্রতিদিন এক জন কেন্দ্রীয় মন্ত্রী একটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলবেন।
প্রশ্ন: এই কর্মসূচির উদ্দেশ্য কী?
উত্তর: তরুণ প্রজন্মের সঙ্গে সরকারের যোগাযোগ বাড়ানো, পড়ুয়াদের সমস্যা ও মতামত জানা এবং তাঁদের কাছে সরকারি প্রকল্প ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরাই মূল লক্ষ্য।