• বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার অডিয়ো ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
    এই সময় | ২০ আগস্ট ২০২৬
  • বালি পাচার সিন্ডিকেট নিয়ে প্রকাশ্যে অডিয়ো ক্লিপ। তাতে তৃণমূল কংগ্রেসের এক সাংসদের গলা শোনা গিয়েছে বলে দাবি। ওই সাংসদ কথা বলেছেন দুর্গাপুর এলাকার এক বালি মাফিয়ার সঙ্গে বলেও অভিযোগ। এমনকী ওই অডিয়োতে দুর্গাপুর এলাকার রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর নামও নেওয়া হয়েছে। ভাইরাল এই অডিয়ো নিয়ে ভবানী ভবনের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে CID-র কাছে অভিযোগ জানিয়ে পুরো বিষয়টি তদন্ত করে দেখার দাবিও জানিয়েছেন ঋতব্রত। ওই অডিয়োতে যে সাংসদের গলা শোনা গিয়েছে তিনি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের এক সদস্য বলেও দাবি তাঁর।

    ভাইরাল অডিয়ো

    তৃণমূল সরকারের আমলে সিন্ডিকেট নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে একাধিকবার কড়া বার্তা দিলেও তা বন্ধ হয়নি। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালীদের অঙ্গুলিহেলনে সেই দুর্নীতি রমরমিয়ে চলেছে বলেও অভিযোগ। রাজ্যে পালাবদলের পরে বালি এবং অন্যান্য ক্ষেত্রে সিন্ডিকেট বন্ধ করতে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরই মধে প্রকাশ্যে এসেছে একটি অডিয়ো। তাতে তৃণমূল কংগ্রেসের এক সাংসদের সঙ্গে বালি মাফিয়ার কথোপকথন শোনা গিয়েছে বলে দাবি করা হয়েছে। তাতে বালি সিন্ডিকেটের বখরা নিয়ে আলোচনা করা হয়েছে বলেও দাবি।

    কার গলা?

    যে অডিয়ো ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন। তবে তাতে বালির সিন্ডিকেট নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছে। যে আলোচনা হয়েছে তা মূলত দুর্গাপুর এলাকা নিয়ে। এই ঘটনার সঙ্গে দুর্গাপুর এলাকার রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী জড়িত বলেও দাবি বিরোধী দলনেতার। সেই সঙ্গে নাম না করেই বর্ধমান-দুর্গাপুর আসনের তৃণমূল কংগ্রেসের সাংসদকে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। ওই অডিয়োতে সম্ভবত তাঁর গলা শোনা গিয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন ঋতব্রত।

    ভবানী ভবনে অভিযোগ

    এই নিয়ে, বুধবার, ভবানী ভবনে গিয়ে CID-র কাছে অভিযোগ জানান ঋতব্রত (Ritabrata Banerjee)। সরাসরি নাম না করলেও, অডিয়ো-য় বালি মাফিয়ার সঙ্গে কে কথা বলছেন, তা নিয়েও মুখ খুলেছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘এই অডিয়ো-র সত্যতা যাচাইয় করে দেখার সুযোগ আমার নেই। ফরেন্সিকের যাচাই করার ক্ষমতা আছে। তাই ভবানী ভবনে জানিয়ে তা দিয়ে এসেছি। তবে বোঝা যাচ্ছে দুর্গাপুর এলাকা নিয়ে কথা হয়েছে। আর গোটা কথোপকথনটাই বালি মাফিয়ার সঙ্গে। একজনের গলার কিছুটা আমরা চিনি। ঘটনাচক্রে তিনি বিশ্বকাপ জয়ী দলের সদস্য।’ সেই কারণে পুরো বিষয়টি তদন্ত করে দেখার জন্য রাজ্য পুলিশ এবং CID-কে অনুরোধ জানিয়েছেন তিনি।

    এই বিষয়টি লোকসভার স্পিকার এবং সিবিআই (CBI) ও ইডি (ED)-কেও জানানো হবে বলে জানিয়েছেন ঋতব্রত।

    ভিত্তিহীন অভিযোগ

    তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, তাঁকে বদনাম করার জন্য আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে এই অডিয়ো ব্যবহার করা হয়েছে। এই নিয়ে আইনি পদক্ষেপ করবেন ব্লে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)