• বকেয়া ডিএ: অভিযোগ শুনবে মালহোত্রা কমিটি
    এই সময় | ২০ আগস্ট ২০২৬
  • এই সময়, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত সব অভিযোগ শুনবে সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি৷ বুধবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চ জানিয়েছে, মামলাকারী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধি হিসেবে মোট ১০ জন বিচারপতি মালহোত্রার কমিটির কাছে গিয়ে বকেয়া ডিএ সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন৷ এই ১০ জনের মধ্যে ৫ জন হবেন আইনজীবী, অন্যরা সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধি৷ আট সপ্তাহ পরে হবে মামলার পরবর্তী শুনানি।

    বিধানসভা ভোটে পালাবদলের পরে নবগঠিত রাজ্য সরকার ইতিমধ্যে ৬৫ শতাংশ বকেয়া ডিএ দিয়ে দেওয়া হয়েছে বলে শীর্ষ আদালতে দাবি করেছে। যার মোট অঙ্ক প্রায় ৭৭০০ কোটি টাকা৷ রাজ্য সরকারের তরফে সওয়াল করতে গিয়ে শীর্ষ আদালতে এই তথ্য দিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷

    তাঁর এই দাবির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের আবার অভিযোগ, অল ইন্ডিয়া কনজিউমার্স প্রাইস ইনডেক্স বা এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে এখনও পুরো বকেয়া ডিএ পাননি বহু কর্মচারী৷ একই সঙ্গে তাঁদের অভিযোগ, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ডিএ-এর টাকা৷

    সেই টাকা তুলতে পারছেন না কর্মচারীরা, কারণ এখানে দু’বছরের ‘লক ইন পিরিয়ড’–এর শর্ত আরোপ করেছে রাজ্য সরকার৷ এই ‘লক ইন পিরিয়ড’ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে শীর্ষ আদালতও৷ বুধবার এ নিয়ে মামলাকারীদের তরফে সওয়াল করার চেষ্টা করেন আইনজীবী করুণা নন্দী৷ দুই বিচারপতি জানান, এই বিষয়ে যাবতীয় অভিযোগ জানাতে হবে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির কাছেই৷

  • Link to this news (এই সময়)