• সেপ্টেম্বরে ট্রিপে যাবেন ভাবছেন? বর্ষা শেষে এই ৫ স্থান হতে পারে আদর্শ ডেস্টিনেশন
    এই সময় | ২০ আগস্ট ২০২৬
  • পুজোর আগেই একটা ছোট্ট ট্রিপে যাবন ভাবছেন? সেপ্টেম্বরে ধীরে ধীরে দেশ থেকে বিদায় নিতে শুরু করে বর্ষা। তবে বৃষ্টির জলে ধুয়ে যাওয়া প্রকৃতি তখনও সজীব। পাহাড়ি এলাকায় আবহাওয়া মনোরম হয়ে ওঠে। বৃষ্টির পর হ্রদ, উপত্যকার সৌন্দর্য আরও বেড়ে যায় কয়েক গুণ। তাই গরম ও আর্দ্রতা থেকে স্বস্তি পেতে এবং পর্যটকের ভিড় এড়িয়ে ঘুরে আসতে চাইলে সেপ্টেম্বর ভালো সময় হতে পারে। কোথায় কোথায় যাবেন?

    উঁচু পাহাড়, লং বাইক রাইড ও অ্যাডভেঞ্চার যদি আপনার পছন্দ হয়, তা হলে সেপ্টেম্বরে লাদাখ হতে পারে আপনার আদর্শ গন্তব্য। লেহ, প্যাংগং লেক, নুব্রা ভ্যালি ও ম্যাগনেটিক হিল ঘুরে দেখতে পারেন। সেপ্টেম্বর লাদাখের পর্যটন মরশুমের শেষ দিক। দিনে আবহাওয়া ভ্রমণের জন্য আরামদায়ক থাকলেও রাতে ঠান্ডা বাড়তে পারে। ২০২৬ সালে লাদাখ ফেস্টিভ্যাল ২১ থেকে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। সেই সময়ে প্ল্যান করতে পারেন।

    শিমলা-মানালির ভিড় এড়িয়ে অন্য রকম পাহাড়ি অভিজ্ঞতা চাইলে স্পিতি ভ্যালি বেছে নিতে পারেন। হিমাচলের এই উচ্চভূমি শুকনো পাহাড়, বৌদ্ধ মঠ ও ছোট পাহাড়ি গ্রামের জন্য পরিচিত। সেপ্টেম্বরে কাজা, কি মঠ, তাবো, ধনকর ও কিব্বরের মতো জায়গা ঘোরা যায়। রাতে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে, তাই গরম পোশাক সঙ্গে রাখা জরুরি।

    রাজস্থান মানেই শুধু মরুভূমি ও গরম নয়। সেপ্টেম্বরের উদয়পুর সেই ধারণা বদলে দিতে পারে। বর্ষার পর আরাবল্লি পাহাড় সবুজে ভরে ওঠে, হ্রদগুলিতে জল বাড়ায় শহরের সৌন্দর্যও বেড়ে যায় কয়েকগুণ। পিচোলা লেক, সিটি প্যালেস, সজ্জনগড় ও জগদীশ মন্দির ঘুরে দেখতে পারেন। লেকের ধারে বসে সূর্যাস্ত দেখাও হতে পারে ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা।

    কেরলের মুন্নার সবুজ পাহাড়, চা-বাগান ও শান্ত পরিবেশের জন্য আদর্শ। সেপ্টেম্বরে বর্ষার প্রভাব কিছুটা থাকায় পাহাড়ে কুয়াশা এবং বৃষ্টির পর ঝলমলে সবুজ প্রকৃতি দেখতে পাওয়া যায়। এরাভিকুলাম, মাট্টুপেট্টি, চা-বাগান ও বিভিন্ন ভিউপয়েন্ট ঘুরে দেখতে পারেন। তবে হঠাৎ বৃষ্টির জন্যও প্রস্তুত থাকুন।

    কর্নাটকের কুর্গ বা কোডাগু সেপ্টেম্বরে প্রকৃতিপ্রেমীদের ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা। বর্ষার পর জঙ্গল, কফি এস্টেট ও ঝরনাগুলি আরও সবুজ ও প্রাণবন্ত হয়ে ওঠে। আব্বে জলপ্রপাত, মাণ্ডলপট্টি, রাজা’স সিট ও কফি প্ল্যান্টেশন ঘুরতে পারেন। তবে কুর্গের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে তাড়াহুড়ো করলে চলবে না। সময় নিয়ে উপভোগ করতে হবে প্রকৃতি।

  • Link to this news (এই সময়)