সামনে পুরসভা ভোট, নেই পর্যাপ্ত ইভিএম! হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন
বর্তমান | ২০ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই পুর নির্বাচন করাতে হবে। কিন্তু সেজন্য নেই পর্যাপ্ত ইভিএম। এই কারণে এবার হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, জেলায় জেলায় স্ট্রং রুমে ইভিএম পড়ে রয়েছে। সেই ইভিএমগুলি তাদের হাতে তুলে দেওয়া হোক। এই আবেদন জানিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে কলকাতা পুরনিগমে বোর্ড গঠন করা হবে। কলকাতা পুরনিগমে আসন পুনর্বিন্যাস নিয়ে বিলও পাশ হয়েছে। হাওড়া পুরনিগমের নির্বাচনও বাকি। সেখানেও আসন পুনর্বিন্যাস নিয়ে বিল পাশ হয়েছে। আবার ২০২৭ সালে শুরুর দিকেই রাজ্যে একাধিক পুরসভায় ভোট হওয়ার কথা। সব মিলিয়ে কয়েকমাসের মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনকে একাধিক পুরসভার ভোট করতে হবে।
এই পরিস্থিতিতে ইভিএমের অপ্রতুলতার কথা জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আবেদনের দ্রুত শুনানি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী। জানা গিয়েছে, নির্বাচনে যেসব ইভিএম ব্যবহার করা হবে সেগুলি আদালতের নির্দেশে জেলায় জেলায় স্ট্রং রুমে পড়ে রয়েছে। ওই ইভিএমগুলি পুনরায় ব্যবহার করা হবে, সেগুলিই হাতে পেতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। আদালতে তাদের দাবি, স্টং রুম থেকে ইভিএমগুলিকে যাতে তাদের হাতে তুলে দেওয়া হয়, সেই মর্মে জেলাশাসকদের নির্দেশ দিক হাইকোর্ট। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।