• অনুমতি নেই বামেদের, জানেই না বিজেপি! সল্টলেকে মন্ত্রীর নির্দেশে নেমেও ফ্লপ ‘সিপিএম ঠেকাও’ কর্মসূচি
    বর্তমান | ২০ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পদত্যাগ করেছেন মেয়র। ভেঙে গিয়েছে পুরবোর্ড। বসানো হয়েছে পুর প্রশাসক। কিন্তু, পরিষেবা মিলছে না। এমনই অভিযোগ তুলে বুধবার বিধাননগর পুরসভা অভিযানের ডাক দিয়েছিল সিপিএম। লালপার্টিকে জবাব দিতে তাদের মিছিলের ১ ঘণ্টা আগে একই রুটে তেরঙ্গা যাত্রার মিছিল করার নির্দেশ দিয়েছিলেন বিধাননগরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। মন্ত্রীর নির্দেশ, তাই প্রতি মণ্ডল থেকে সবাই ঝাঁপিয়ে পড়ে মিছিলও করেন। কিন্তু, সিপিএম কোথায়? লালপার্টির নেতাদের মুখে মুচকি হাসি। কারণ, তাঁদের তো মিছিলের অনুমতিই দেয়নি পুলিশ। কর্মসূচি বাতিল করে সিপিএম। সে খবর পৌঁছয়নি পদ্মপর্টির অভ্যন্তরে। তাই ‘সিপিএম ঠেকাও’ কর্মসূচিতে লালপার্টির আগে নামলেও, তা ফ্লপ হয়ে গেল।  এদিন সল্টলেকের এহেন বেনজির কাণ্ডের কথা মানুষের মুখে মুখে ঘুরছে। ।

    বুধবার বিকেল ৩টের সময় সল্টলেকের নেতাজি মূর্তির সামনে থেকে সিপিএমের মিছিল শুরু হওয়ার কথা ছিল। সেই মতো প্রচারও করে বামেরা। মঙ্গলবার মধ্যরাতে মন্ত্রী শারদ্বত দলের লোকেদের উদ্দেশ্যে একটি মেসেজ পাঠান। তাতে সব মণ্ডল থেকে ৫০০-১০০০ লোক এনে সিপিএমের মিছিল শুরুর একঘণ্টা আগে একই রুটে মিছিল করতে নির্দেশ দেন। মিছিলেন নাম দেন, তিরঙ্গা যাত্রা। সেখানে বিজেপির সিনিয়র নেতাদের থাকতে নিষেধ করা হয়েছিল। শুধুমাত্র বন্দে মাতরম স্লোগান ঩নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মন্ত্রীর নির্দেশে বিজেপি একটি মিছিলও করে। কিন্তু, তাঁরা জানতেনই না যুবভারতী স্টেডিয়ামে সেমি ফাইনাল খেলার জন্য সিপিএম কর্মসূচির অনুমতি পায়নি। এ নিয়ে কর্মীদের একাংশ ভিতরে ভিতরে ক্ষুব্ধ। সিপিএমের কাছে ‘ঘোল’ খেতে হল,  আক্ষেপে! 

    প্রসঙ্গত, ১৫ আগস্ট ৩৬ নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠানে না যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়িয়েছেন মন্ত্রী শারদ্বতবাবু। এক যুবক এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর বিরুদ্ধে দুব্যর্বহারেরও অভিযোগ তুলেছেন। সতর্ক করে লিখেছেন, ‘ভুলে যাচ্ছেন, উনি আমাদের ভোটে আজ বিধায়ক, স্বাস্থ্যমন্ত্রী হয়ে উঠেছেন। যে ৩৫ হাজার লিড পেয়েছেন, তার মধ্যে আমারও একটি ভোট ছিল!’ সেই বিতর্কের অবসান হতে না হতেই অস্বস্তিতে বিধায়ক তথা মন্ত্রীও। কারণ, তিনিই তো মধ্যরাতে নির্দেশ দিয়েছিলেন মাঠে নামার জন্য! 

    এ ব্যাপারে সিপিএম নেতা শুভজিৎ দাশগুপ্ত বলেন, মানুষ পুরসভা থেকে কোনও পরিষেবা পাচ্ছে না। মানুষের জন্যই মিছিল করতাম। কিন্তু, গণতন্ত্রকে হত্যা করার জন্য বিধায়ক আগেরদিন রাতেই নির্দেশ দিয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করিয়েছেন, শুনেছি। তবে, পরের সপ্তাহে আমরা এই অভিযান করব। মন্ত্রী শারদ্বতবাবু বলেন, সিপিএম বিশৃঙ্খলা করতে চাইছে। তাই আমাদের কর্মীদের মিছিল করতে বলেছিলাম। মিছিল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমি শুনেছি। আসলে ১৫ আগস্ট মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে ছিলাম। যাঁরা লিখেছেন, তাঁদের সঙ্গে পরে কথাও হয়েছে।
  • Link to this news (বর্তমান)