• সিনেমায় নায়িকা করার টোপে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক
    বর্তমান | ২০ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিনেমায় নায়িকা করার টোপ দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় আইনুল হক নামে অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে রিজেন্ট পার্ক থানা। আইনুল নিজেকে প্রযোজক বলে পরিচয় দিয়েছিল। সে রিজেন্ট পার্ক এলাকা ভাড়া বাড়িতে তরুণীকে নিয়ে এসে ধর্ষণ করে বলে অভিযোগ। 

    পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় অভিযুক্ত যুবকের। কথা প্রসঙ্গে নির্যাতিতা জানান সিনেমায় অভিনয় করার শখ রয়েছে। তা শুনে আইনুল জানায়, টলিউডে তার নিয়মিত যাতায়াত রয়েছে। বহু প্রযোজক চেনা। সে নিজেও একটি সিনেমা তৈরি করছে। তরুণীকে নায়িকা হিসাবে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। বিয়ে করবে বলেও জানায়। নির্যাতিতার দাবি, সিনেমায় নামাবে বলে তাঁকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। সপ্তাহখানেক আগে রিজেন্ট পার্কে নিজের ভাড়া বাড়িতে ডেকে পাঠিয়ে আবার ধর্ষণ করে বলে অভিযোগ। কিন্তু তরুণীকে সিনেমায় সুযোগ করে দেয়নি অভিযুক্ত। তিনি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের কেস রুজু করে তরুণকে গ্রেপ্তার করে। 

    অন্যদিকে, ম্যাট্রিমোনিয়াল সাইটে বিয়ের বিজ্ঞাপন দেখে তরুণীর সঙ্গে যোগাযোগ করে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তদন্তে নেমে রমাপদ দাস নামে অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে যাদবপুর থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বিয়ের বিজ্ঞাপন ছিল ম্যাট্রিমোনিয়াল সাইটে। সেখানে থাকা নম্বর দেখে যোগাযোগ করে অভিযুক্ত। তরুণীর সঙ্গে কথাবার্তা হয়। তাঁর পরিবারও রাজি হন। এরপরই অভিযুক্ত নির্যাতিতাকে হোটেলে ডেকে পাঠিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
  • Link to this news (বর্তমান)