অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এখন অনলাইনে KYC হয়, তবে কি ব্যাঙ্ক অভিষেকের মুখ দেখতে চাইছেন, প্রশ্ন আদালতের। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে সেই মামলার শুনানি হয়। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করতে তাঁর বাড়িতে গিয়ে KYC করার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের।
এ দিন অভিষেকের আইনজীবী আদালতে জানান, না জানিয়ে তাঁর মক্কেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছে। পরে তাঁরা ব্যাঙ্কে খোঁজ নিয়ে জানতে পারেন KYC করাতে হবে। অভিষেকের আইনজীবীর দাবি, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এই KYC থাকার কথা।
আদালতের পর্যবেক্ষণ, এখন বাড়িতে বসেও KYC করা যায়। অনলাইনেই সব হয়। তা হলে কেন অভিষেককে ডেকে পাঠানো হলো KYC-র জন্য? আদালত বলে, ‘দেখে মনে হচ্ছে আপনাদের অফিসার অভিষেককে দেখতে আগ্রহী।’
ব্যাঙ্ক এ দিন আদালতে জানায়, KYC বাড়িতেই করে নেওয়া হবে। এ দিনই যেতে পারে তারা। অন্যদিকে ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান অভিষেকের আইনজীবী। তবে সে ক্ষেত্রে হস্তক্ষেপ করেনি আদালত। তবে কোর্ট জানিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং KYC form-সহ প্রয়োজনীয় নথি অভিষেককে দিতে হবে।
বিচারপতি বলেন, ‘অভিষেক ওই সব নথি দেবেন। তাঁর বাড়িতে KYC সম্পূর্ণ করতে কর্মী যাবেন। এর পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় এবং ক্রেডিট কার্ড চালুর বিষয়টি দেখবে আদালত।’ আগামী সোমবার মামলার শুনানি।