• বাংলায় জঙ্গি নিকেশে কড়া পদক্ষেপ, এই প্রথম তৈরি হল ATS, মন্ত্রিসভার অনুমোদন
    আজ তক | ২০ আগস্ট ২০২৬
  • বিজেপি সরকার রাজ্যে আসার পর গত কয়েকদিনে বাংলা থেকে জঙ্গি সন্দেহে একের পর এক গ্রেফতারের ঘটনা ঘটেছে। এই আবহে অপরাধ মোকাবিলায় রাজ্যে পুলিশের পরিকাঠামো ঢেলে সাজানোর পথে হাঁটল নবান্ন। বুধবার মন্ত্রিসভার বৈঠকে  'অ্যান্টি টেররিস্ট স্কোয়াড' (ATS) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, সন্ত্রাস মোকাবিলায় বাহিনীকে আরও শক্তিশালী করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

    জঙ্গি দমনে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের আদলে বাংলাতেও এবার  অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (Anti Terrorist Squad) পরিকল্পনা করছে রাজ্য পুলিশ। কীভাবে এই নতুন দফতর তৈরি করা যেতে পারে, তা নিয়ে প্রাথমিক খসড়াও করেছে নবান্ন। বিষয়টি নিয়ে একাধিক বৈঠকও করেছেন আধিকারিকরা। ইতিমধ্যে জঙ্গি দমনে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে আলাদা দু’টি স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ রয়েছে। এবার রাজ্য ও কলকাতা পুলিশের এসটিএফ সংযুক্ত করে রাজ্যে একটিই এসটিএফ তৈরির পরিকল্পনা হচ্ছে বলে নবান্ন সূত্রের খবর।

    DGP-র নেতৃত্বে এবার রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। পাশাপাশি  অ্যান্টি নার্কোটিক স্কোয়াড তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে  রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র দেওয়া হয়েছে বিশেষ বাহিনী 'অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স' (ANTF) এবং 'অ্যান্টি টেররিস্ট স্কোয়াড' (ATS) তৈরির বিষয়ে ৷ এই দুই শাখাকে সার্বিকভাবে সক্রিয় রাখা এবং রাজ্যে নজরদারি জোরদার করতে এক হাজারের বেশি নতুন পদ তৈরির প্রস্তাবেও সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

    রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তার তত্ত্বাবধানে অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এই বাহিনীর কাজ পরিচালনার সুবিধার জন্য দুর্গাপুর, মালদা, খড়গপুর ও নদিয়ায় চারটি পৃথক 'অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স' থানা তৈরি করা হবে। এই চার থানাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরে মোট ৫৯১টি পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে রাজ্যে নিষিদ্ধ মাদকের প্রবেশ, পাচার এবং নেটওয়ার্ক ভাঙতে আরও সংগঠিত অভিযান চালানোর সুযোগ তৈরি হবে। 

    একইসঙ্গে জঙ্গি কার্যকলাপ মোকাবিলায় অ্যান্টি টেররিস্ট স্কোয়াড গঠনের সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার। ATS-এর জন্য পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরে ৪৬১টি স্থায়ী পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি স্কোয়াডের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কাজ পরিচালনার জন্য আরও পাঁচজন কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ মাদক ও জঙ্গি দমনে একসঙ্গে প্রায় হাজারের বেশি নতুন পদ তৈরির মাধ্যমে বিশেষ পুলিশি কাঠামো গড়ে তোলার পথে এগোল রাজ্য।

    মাদক ও সন্ত্রাসবাদের বাইরেও, মন্ত্রিসভা সাধারণ নিরাপত্তা এবং প্রশাসনিক স্বচ্ছতা উন্নত করার পদক্ষেপ অনুমোদন করেছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার সূর্যপুরে একটি নতুন গ্রামীণ পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে এবং এর জন্য ১৯টি পদ তৈরি করা হবে। সরকার নারী নির্যাতন নিরসনের জন্য রাজ্য মহিলা কমিশনে ৬৮টি পদ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিরসনে গঠিত কমিশনের জন্য ৫৭টি পদ অনুমোদন করেছে। নবান্ন সূত্রে জানা গেছে, অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে, যার ফলে আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্র এবং আধুনিক জঙ্গি  হুমকি মোকাবেলার জন্য বিশেষ  বাহিনী থাকা অপরিহার্য হয়ে পড়েছে। জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলার বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেফতারের পুলিশের দাবির পর এই সিদ্ধান্তটি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এর অন্যতম প্রধান উদাহরণ হলেন হামিম মণ্ডল, যাকে জঙ্গি কার্যকলাপের সন্দেহে বর্ধমান থেকে ধরা হয়েছিল। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ায়, এএনটিএফ এবং এটিএস উভয়ের জন্য দ্রুত নিয়োগ এবং আধুনিক পরিকাঠামো তৈরির প্রক্রিয়া শুরু করা হয়েছে। সরকার আশা করছে, এই দুটি নতুন বাহিনী সংগঠিত অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাজ্যের কৌশলের প্রধান স্তম্ভ হয়ে উঠবে।

    এক নজরে মোট নতুন পদ: ১,২১৮টি
    ANTF: ৫৯১টি পদ
    ATS: ৪৬৬টি পদ—৪৬১টি নিয়মিত, ৫টি চুক্তিভিত্তিক সফটওয়্যার ডেভেলপার
    ল অফিসার: ৬টি পদ
    নারী নির্যাতন সংক্রান্ত কমিশন: ৬৮টি পদ
    Institutional Corruption Commission: ৫৭টি পদ
    সূর্যপুর পুলিশ ফাঁড়ি: ১৯টি পদ
    হাইকোর্টের কার পুল: ১০টি ড্রাইভার পদ
    পুজো দাসের জন্য: ১টি কনস্টেবল পদ
    ANTF-ATS মিলিয়ে: ১,০৫৭টি পদ

     
  • Link to this news (আজ তক)