‘ককরোচ’ বিক্ষোভের জের, জেন জি’র মন বুঝতে সব বিশ্ববিদ্যালয়ে মন্ত্রীদের পাঠাবে মোদি সরকার
প্রতিদিন | ২০ আগস্ট ২০২৬
যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির ব্যানারে জেন জির বিক্ষোভের পর কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যেন খানিকটা নড়েচড়ে বসেছে। যে কোনও উপায়ে জেন জি’র মন জিততে মরিয়া কেন্দ্র। ছাত্রযুবদের সমস্যার কথা শুনতে তাই এবার নয়া কর্মসূচি নিয়েছে সরকার। এবার কেন্দ্রীয় মন্ত্রীদের ডিউটি দেওয়া হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের কথা শোনার।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ‘এক দিন, এক বিশ্ববিদ্যালয়’ (One Day One University) কর্মসূচির ঘোষণা করেছে কেন্দ্র। ওই কর্মসূচিতে এক এক জন মন্ত্রী এক এক বিশ্ববিদ্যালয়ে যাবেন। তাঁরা পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন। বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের মতামত শুনবেন। সেই সঙ্গে পড়ুয়াদের জন্য সরকার কী করছে, শিক্ষা ব্যবস্থার উন্নতিতে, বেকার সমস্যা দূর করতে সরকার কী পদক্ষেপ করেছে, সেসব তুলে ধরা হবে পড়ুয়াদের সামনে। তবে এই অভিযান মূলত বিভিন্ন বিষয়ে যুব সমাজের দৃষ্টিভঙ্গি বুঝে নেওয়ার কৌশল। সব প্রান্তের পড়ুয়াদের মধ্যেই ক্ষোভ রয়েছে কিনা সেটাও জেনে নিতে চাইছে সরকার।
বস্তুত, ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর জেন জি-র কাছে পৌঁছতে চেষ্টার ত্রুটি রাখছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সোশাল মিডিয়ায় ‘ফ্রেন্ডস’দের উদ্দেশে তাঁর পোস্ট করা একাধিক রিল হোক বা স্বাধীনতা দিবসের ভাষণ থেকে জেন জি-র জন্য একের পর ঘোষণা, সবেতেই মোদির মন জেন জি-তে। এবার মন্ত্রীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঠানোর উদ্যোগ নিল সরকার। কেন্দ্রের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী এবং যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে এই প্রকল্পের সমন্বয়ক হিসাবে নিয়োগ করা হয়েছে। কোন মন্ত্রী কোন বিশ্ববিদ্যালয়ে যাবেন, সবটাই ঠিক করবেন তাঁরা।
তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস ইতিমধ্যেই পড়ুয়াদের মন পাওয়ার উদ্যোগ শুরু করে দিয়েছে। রাহুল গান্ধী বিভিন্ন শহরে গিয়ে ‘ছাত্রো কি গুঞ্জ’ নামের অনুষ্ঠান শুরু করেছেন। আগামী দিনে দেশের ছোটবড় ৮০০টি শহরে ছাত্রো কি গুঞ্জ করার পরিকল্পনা রয়েছে হাত শিবিরের। এর মধ্যেই সরকারি স্তরে পড়ুয়াদের কাছে পৌঁছনোর চেষ্টা শুরু করল মোদি সরকার।